টাকার অভাবে নষ্ট হয়ে যাচ্ছে মুক্তিযোদ্ধার চোখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা আবুল কাশেম সিকদারের (৬০) বাঁ চোখটি নষ্ট হয়ে যাচ্ছে। চিকিৎসক জানিয়েছেন, দ্রুত অস্ত্রোপচার করালে তাঁর ওই চোখ ভালো হয়ে যাবে। কিন্তু নয় হাজার টাকার অভাবে হতদরিদ্র এই মুক্তিযোদ্ধার চোখের অস্ত্রোপচার হচ্ছে না। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নরেন্দ্রপুর গ্রামের বাসিন্দা আবুল কাশেম জানান, তিনি মুক্তিযুদ্ধের সময় ঝিনাইদহের বিষয়খালী ও দুলালমুন্দিয়ায় যুদ্ধে অংশ নেন। গ্রামে মাত্র চার শতক জমির ওপর ভিটেবাড়ি ছাড়া আর কিছুই নেই তাঁর। যুদ্ধের পর বাড়ি ফিরে আবারও অন্যের জমিতে কৃষিশ্রমিকের কাজ শুরু করেন। তাঁর তিন ছেলে ও এক মেয়ে। মেয়ের বিয়ে দিয়েছেন। বড় ছেলে আসাদুল ইসলাম প্রতিবন্ধী। মেজো ছেলে ভ্যানচালক আশরাফুল ইসলাম তিন কন্যাসন্তান রেখে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ওই তিন নাতনি এখন আবুল কাশেমের ওপর নির্ভরশীল। মুক্তিযোদ্ধা ভাতা হিসেবে পাওয়া মাসে দুই হাজার টাকা এবং ছোট ছেলে ভ্যানচালক সাহাবুল ইসলামের আয়ে চলে আবুল কাশেমের সংসার। তিনি আরও জানান, দুই বছর আগে থেকে তিনি বাম চোখে ঝাপসা দেখছিলেন। বর্তমানে ওই চোখে কিছুই দেখতে পান না। ঝিনাইদহ শহরের চক্ষু চিকিৎসক সামছুল ইসলামের কাছে চিকিৎসার জন্য গিয়েছিলেন। ওই চিকিৎসক তাঁকে জানিয়েছেন, দ্রুত অস্ত্রোপচার করানো গেলে আবার বাম চোখে তিনি দেখতে পাবেন। অন্যথায় তা চিরতরে নষ্ট হয়ে যাবে।আবুল কাশেম জানান, অস্ত্রোপচারের জন্য তাঁর ১০-১২ হাজার টাকা খরচ হবে। কিন্তু তিনি অনেক কষ্টে তিন হাজার টাকা জোগাড় করতে পেরেছেন। কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সেকেন্দার আলী মোল্লা জানান, আবুল কাশেম খুবই দরিদ্র। টাকার অভাবে তাঁর চোখ নষ্ট হয়ে যাচ্ছে; যা ভাবাই কষ্টকর।