অর্থাভাবে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কুমিল্লার চারটি প্রকল্পের কাজ বন্ধ রয়েছে। এসব প্রকল্পের মধ্যে গুরুত্বপূর্ণ তিনটি সড়ক ও একটি সেতু রয়েছে। এ অবস্থায় ঠিকাদারি প্রতিষ্ঠান টাকার অভাবে নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারছে না। উদ্ভূত পরিস্থিতিতে জনসাধারণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।সওজ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ২০১০-১১ অর্থবছরে কুমিল্লা শহরতলীর বালুতুপা থেকে বিবিরবাজার স্থলবন্দর পর্যন্ত সাড়ে ছয় কিলোমিটার সড়কের নির্মাণকাজ শুরু হয়। প্রায় ২০ কোটি টাকার ওই কাজের জন্য এ পর্যন্ত তিন কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। কিন্তু ঠিকাদার কাজ করেছেন ছয় কোটি টাকার। এ অবস্থায় বকেয়া বিল দুই কোটি ৫০ লাখ টাকা না পাওয়ায় গত ছয় মাস ধরে সড়কটির নির্মাণকাজ বন্ধ রয়েছে। এ পর্যন্ত ওই সড়কের ৩০ শতাংশ কাজ শেষ হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার কথা রয়েছে।২০০৯-১০ অর্থবছরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার পেন্নাই-বাবুরহাট সড়কের ১৬ কিলোমিটারের নির্মাণকাজ শুরু হয়। এ পর্যন্ত ওই সড়কের সাত কিলোমিটারের কাজ শেষ হয়েছে। ভূমি অধিগ্রহণ নিয়ে জটিলতা থাকায় কাজ বন্ধ রয়েছে। ৩১ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ওই সড়কের কাজ ২০১৩ সালের জুনে শেষ হওয়ার কথা। কিন্তু এ পর্যন্ত সড়কের জন্য বরাদ্দ পাওয়া গেছে ১০ কোটি ৮০ লাখ টাকা। সড়কের ২৭ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানা গেছে।এদিকে চলতি বছর কুমিল্লার লালমাই থেকে বরুড়া উপজেলার জগতপুর পর্যন্ত ৩২ কিলোমিটার সড়কের সংস্কারকাজ শুরু হওয়ার কথা ছিল। এ পর্যন্ত ওই সড়কের ১৫ কিলোমিটার সংস্কার করা হয়। চার কোটি ৪৮ লাখ টাকার এ কাজের জন্য বরাদ্দ পাওয়া গেছে তিন কোটি টাকা। বাকি টাকা না পাওয়ায় কাজ চলছে ঢিমেতালে। কাজের মান নিয়েও এলাকাবাসীর অভিযোগ রয়েছে।কুমিল্লার গোমতী নদীর পালপাড়া সেতুর কাজ বন্ধ রয়েছে টাকার অভাবে। ১৫৬ মিটার ওই সেতু নির্মাণের জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ৭০ লাখ টাকা। ঠিকাদার ইতিমধ্যে নয় কোটি টাকার কাজ শেষ করেছেন। কিন্তু বরাদ্দ পাওয়া গেছে তিন কোটি টাকা। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ওই কাজ শেষ করার কথা রয়েছে।এভাবে কাজ বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা ক্ষোভ প্রকাশ করেছেন। বিবিরবাজার স্থলবন্দর সড়ক নিয়ে জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মামুনুর রশিদ বলেন, ‘ওই সড়ক দিয়ে প্রতিদিন শত শত ট্রাক সিমেন্ট, রড ও পাথর নিয়ে ভারতীয় সীমান্ত এলাকায় যাচ্ছে। অত্যন্ত ঝুঁকি নিয়ে চালকেরা সড়ক পাড়ি দিচ্ছেন। সড়কটিতে বর্ষা মৌসুমে কাদা আর গ্রীষ্ম মৌসুমে বালু ওড়ে।’ ওই সড়কের নির্মাতা প্রতিষ্ঠান রানা ইন্টারন্যাশনালের কর্মকর্তা নাজমুল হাসান বলেন, ‘বরাদ্দ না পাওয়ায় সড়কের নির্মাণকাজ বন্ধ রয়েছে।’ পালপাড়া সেতুর নির্মাণকাজ প্রসঙ্গে বুড়িচংয়ের বুড়বুড়িয়া গ্রামের বাসিন্দা গোলাম কিবরিয়া বলেন, ‘সেতুর কাজ বন্ধ থাকায় প্রতিদিন নদীর দুই তীরে যানজট লেগেই থাকে।’কুমিল্লা সওজের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম বলেন, ‘অর্থ বরাদ্দ পেলেই চার প্রকল্পের কাজ পুরোদমে শুরু হবে।’