টাকার অভাবে বন্ধ যমুনার তীর সংরক্ষণের কাজ
টাকার অভাবে বগুড়ায় যমুনা নদীর তীর সংরক্ষণ প্রকল্পের কাজ বন্ধ রয়েছে। কয়েক দিন ধরে উজান থেকে নেমে আসা ঢলে যমুনার পানি বাড়ায় বিভিন্ন স্থানে ভাঙন শুরু হয়েছে। এ কারণে সারিয়াকান্দি উপজেলায় যমুনা তীরবর্তী এলাকার মানুষ ভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছে।পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বগুড়া কার্যালয় সূত্রে জানা যায়, যমুনার ভাঙন রোধে বাঁধ সংস্কার এবং তীর সংরক্ষণের জন্য নয়জন ঠিকাদারকে নয়টি ভাগে মোট ১১৬ কোটি ৮৬ লাখ টাকার কাজের কার্যাদেশ দেওয়া হয় গত বছরের ৫ জুন। এর মধ্যে দুটি ভাগের কাজ ধুনট উপজেলায় এবং বাকি সাতটি সারিয়াকান্দিতে। চলতি বছর জুনের মধ্যে কাজ শেষ করার কথা রয়েছে। এ পর্যন্ত পাঁচজন ঠিকাদার সামান্য কাজ করেছেন। ঠিকাদারেরা বলছেন, টাকার অভাবে তাঁরা কাজ করতে পারছেন না। পাউবোর তথ্য অনুযায়ী, সারিয়াকান্দির দড়িপাড়া এলাকায় এক হাজার মিটার এবং অন্তারপাড়ায় দুই হাজার ২৩৫ মিটার তীর সংরক্ষণের জন্য মোট ২০ লাখ ৮৫ হাজার ৪০৪টি সিসি ব্লক নির্মাণ করতে হবে। সিসি ব্লক তৈরি করে সেগুলো নদী তীরের একেবারের নিচ থেকে ওপর পর্যন্ত বসাতে হবে। এ ছাড়া নদীতেও ব্লক ফেলতে হবে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলায় বাঁধের চন্দনবাইশা, তালুকদারপাড়া, হাসনাপাড়া, কামালপুর এলাকায় ঠিকাদার হাজার পাঁচেক সিসি ব্লক তৈরি করে রেখেছেন। পাউবো সূত্র জানায়, চলতি অর্থবছরে এ পর্যন্ত মাত্র সাত কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। বরাদ্দ কম হওয়ায় পাউবোর কর্মকর্তারাও কাজের জন্য ঠিকাদারদের ওপর চাপ সৃষ্টি করতে পারছেন না। সূত্র আরও জানায়, সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা ও কামালপুরকে যমুনার ভাঙন থেকে রক্ষায় ২০০১ সালে চন্দনবাইশা স্পার-১ ও স্পার-২ (মিনি গ্রোয়েন) নির্মাণ করা হয়। কিন্তু ২০১০ সালে ভাঙনে স্পার-২ নদীতে বিলীন হওয়ার পর আর নতুন স্পার করা হয়নি। ২০১০ সালে অপর স্পারটির বেলমাউথসহ বেশ কিছু অংশ নদীতে চলে যায়। এরপর এটি আর সংস্কার করা হয়নি।চন্দনবাইশার বাসিন্দা দেলোয়ার হোসেন, সাদত হোসেন, মমতাজুর রহমান, ব্যবসায়ী সহিদুল ইসলাম আশঙ্কা করে বলেন, আসন্ন বর্ষায় চন্দনবাইশা স্পার-১ রক্ষা করা কঠিন হয়ে পড়বে।সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউপির চেয়ারম্যান গাজীউল হক বলেন, নিজকর্ণিবাড়িতে যেভাবে ভাঙন শুরু হয়েছে, তাতে বন্যানিয়ন্ত্রণ বাঁধ টিকবে কি না, সন্দেহ রয়েছে। তিন-চার দিন ধরে যমুনার পানি দ্রুত বাড়ছে। এতে উপজেলার ধলিরকান্দি, কামালপুর, দড়িপাড়া, নিজকর্ণিবাড়ী, গোদাখালী, ইছামারাসহ বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে।কামালপুর ইউপির চেয়ারম্যান মোখলেছুর রহমান বলেন, ‘দড়িপাড়ার কাছে যমুনার ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। জরুরি ভিত্তিতে কাজ করা না হলে বিস্তীর্ণ এলাকা নদীতে বিলীন হয়ে যাবে; গৃহহীন হয়ে পড়বে কয়েক হাজার পরিবার।’ ঠিকাদার শাহরিয়ার হোসেন বলেন, ‘অর্থ বরাদ্দ না থাকলে ঠিকাদারেরা কাজ করবেন কীভাবে? সাত কোটি টাকা নয়জনকে ভাগ করে দিলে একেকজন ঠিকাদার আর কত টাকা পাবেন?’ পাউবো বগুড়ার নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম জানান, অর্থ বরাদ্দ না থাকায় প্রকল্পের নয়টি ভাগের মধ্যে চারটির কাজ সংশ্লিষ্ট ঠিকাদারেরা শুরুই করেননি। বরাদ্দ দেওয়া ১১৭ কোটি টাকার মধ্যে সাত কোটি টাকা পাওয়া গেছে। প্রকল্পের কাজ এ বছরের জুনের মধ্যে শেষ করার কথা থাকলেও সময় আরও দুই বছর বাড়ানোর জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।