টাকার অভাবে বিরামপুরে রাস্তার কাজ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিল না পাওয়ায় আট মাস ধরে দিনাজপুরের বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের একটি রাস্তার কাজ বন্ধ রেখেছেন দুজন ঠিকাদার।স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১১ সালে জিআরডিপি প্রকল্পের আওতায় এক কোটি পাঁচ লাখ ৭৮ হাজার টাকা ব্যয়ে খানপুর ইউনিয়নের জয়নগর থেকে ধানজুড়ি পর্যন্ত ৩ দশমিক ৩৬ কিলোমিটার পাকা রাস্তা নির্মাণের কাজ পান ঠিকাদার রেজা হুমায়ুন ফারুক ও সন্তোষ আগারওয়াল। এর মধ্যে জয়নগর রেলগেট থেকে পূর্বে এক কিলোমিটার পর্যন্ত রাস্তার কাজ পান সন্তোষ আগারওয়াল। বাকি অংশের কাজ পান রেজা হুমায়ুন। রাস্তা তৈরির কার্যাদেশ দেওয়া হয় ২০১১ সালের ৫ অক্টোবর। ২০১২ সালের এপ্রিলে কাজ শেষ করার কথা ছিল।৯ ফেব্রুয়ারি সরেজমিনে দেখা যায়, পুরো রাস্তাটিতে খোয়া বিছানো। কার্পেটিং না হওয়ায় অনেক স্থানে খোয়া উঠে গর্তের সৃষ্টি হয়েছে। খানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইয়াকুব আলী জানান, এটিই ইউনিয়নের মূল রাস্তা। এই রাস্তা দিয়ে ইউনিয়নের বেশির ভাগ লোক যাতায়াত করে। দ্রুত রাস্তার কাজ শেষ করার জন্য তিনি সব সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগিদ দিচ্ছেন।উপজেলা প্রকৌশলী মাহমুদ জামান জানান, খোয়া বিছানোর পর কার্পেটিংয়ের কাজ না করে ঠিকাদারেরা গত বছরের জুন থেকে রাস্তার কাজ বন্ধ করে রেখেছেন। তিনি স্বীকার করেন, তহবিল না থাকায় ঠিকাদারদের বিল দেওয়া যাচ্ছে না।সন্তোষ আগারওয়াল জানান, কাজ শুরু করার পর থেকে তিনি এ পর্যন্ত কোনো বিল পাননি। এ কারণে কাজ বন্ধ রেখেছেন। রেজা হুমায়ুন ফারুকের প্রতিনিধি ওয়ারেশ জামান জানান, তিনি ৭৫ লাখ টাকার কাজ করেছেন। এ পর্যন্ত পাঁচ লাখ টাকা বিল পেয়েছেন। বারবার তাগাদা দিয়েও টাকা না পেয়ে তিনি কাজ বন্ধ করে দিয়েছেন।