টাকার অভাবে সংকটে শিক্ষা কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এতিম ও অতিদরিদ্র চার শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছে সিলেট ইনক্লুসিভ স্কুল অ্যান্ড কলেজে। জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর পরিচালিত এ শিক্ষাপ্রতিষ্ঠানটি চালানো হয় মূলত নগরের দানশীল ব্যক্তিদের সহায়তায়। তবে দিন দিন এ সহায়তা কমে আসায় এখন শিক্ষকদের বেতন দিতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। এতে করে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি হতদরিদ্র শিক্ষার্থীদের শিক্ষাজীবন পড়েছে অনিশ্চয়তার মুখে।
সিলেটের সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১৩ সালে তৎকালীন জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলালের উদ্যোগে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে শিক্ষাপ্রতিষ্ঠানটির কার্যক্রম চালু করে। বর্তমানে এ বিদ্যালয়ে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত বাগবাড়ি শিশু পরিবার, রায়নগর শিশু পরিবার ও বেবী হোমসহ আশপাশের অতিদরিদ্র পরিবারের চার শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছে। এসব শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক-কর্মচারী রয়েছেন ১৭ জন।
কয়েকজন শিক্ষক জানান, আগে শিশু পরিবার থেকে শিক্ষার্থীরা অন্যান্য বিদ্যালয়ে ভর্তি হলে তারা এতিম হওয়ার কারণে শিক্ষক ও তাদের সহপাঠীরা ভিন্ন চোখে দেখত। এতে ওই সব শিক্ষার্থী সেসব বিদ্যালয়ে অত্যন্ত মানসিক সংকটে ভুগত। এ অবস্থায় কেউ কেউ বিদ্যালয়ে পর্যন্ত যেতে চাইত না, আবার তাদের মধ্যে বিদ্যালয় ফাঁকি দেওয়ার প্রবণতা বেড়ে যেত। সে বিষয়টি মাথায় রেখেই ইনক্লুসিভ শিক্ষাপ্রতিষ্ঠানটি চালু করা হয়েছিল। তবে তহবিলে প্রয়োজনীয় সংখ্যক টাকা না থাকায় বিদ্যালয়টির কার্যক্রমে প্রতিনিয়ত নানামুখী সংকট তৈরি হচ্ছে।
শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ আছাদুজ্জামান বলেন, গত জেএসসি এবং পিএসসি পরীক্ষায় এ শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। বিদ্যালয়টি চালাতে প্রতি মাসে অন্তত দুই লাখ টাকার প্রয়োজন। অথচ টাকা জোগাড় করতে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের হিমশিম খেতে হয়। এতে শিক্ষকদের বেতন অনিয়মিত হয়ে পড়ছে।
শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের তহবিলে পর্যাপ্ত টাকা নেই সত্য। তবে সেসব কাটিয়ে শিক্ষাকার্যক্রম গতিশীল রাখা হচ্ছে। সরকারি প্রতিষ্ঠান তো নয়, তাই কিছুটা সমস্যা হওয়া স্বাভাবিক। এর পরও আমাদের পক্ষ থেকে প্রতিষ্ঠানটি চালাতে আন্তরিকতার কোনো ঘাটতি হচ্ছে না।’