টাকার অভাবে স্বপ্ন ফিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরিদ্র পরিবারের সন্তান মো. মাঈন উদ্দিন। ছোটবেলা থেকে অভাবের সঙ্গে যুদ্ধ করে পড়াশোনা করেছে। ফলাফলও করেছে ভালো। এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পাওয়ার পর রাজশাহী মেডিকেল কলেজের দন্ত বিভাগে (ডেন্টাল ইউনিট) পড়ার জন্য সুযোগ পেয়েছেন। কিন্তু টাকার অভাবে এখন সেখানে ভর্তি হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
ভর্তি পরীক্ষার ফলাফলে মাঈন উদ্দিনের মেধাক্রম ছিল ৩ হাজার ৮২৯। তিনি রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ভর্তির জন্য মনোনীত হন। গত ২৯ ডিসেম্বর এই ইউনিটে ভর্তি শুরু হয়েছে। চলবে ৯ জানুয়ারি পর্যন্ত। ১০ জানুয়ারি থেকে ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।
মাঈন উদ্দিনের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের শিয়াল খোওয়া গ্রামে। তিনি ২০০৯ সালে শিয়াল খোওয়া এসসি উচ্চবিদ্যালয় থেকে অষ্টম শ্রেণিতে সাধারণ গ্রেডে বৃত্তি পান। ২০১২ সালে একই বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ এবং ২০১৪ সালে ঢাকা ফার্মগেটে অবস্থিত হামদর্দ পাবলিক কলেজ থেকে এইচএসসিতেও জিপিএ ৫ পান। তাঁর আর্থিক অবস্থার কথা জানতে পেরে কলেজ কর্তৃপক্ষ বিনা বেতনে তাঁকে পড়ার সুযোগ করে দেন। ২০১৪ সালের ২৫ মার্চ তাঁর বাবা বছির উদ্দিন মারা যান। তাঁর বড় তিন ভাই আছে। তাঁদের মধ্যে একজন রিকশাচালক, একজন চটকল শ্রমিক ও একজন পোশাক কারখানার শ্রমিক। তাঁরা বিবাহিত। তাঁকে মেডিকেলে পড়াশোনা করানোর সামর্থ্য তাঁদের নেই।
মাঈন উদ্দিন বলেন, ছোটবেলা থেকেই চিকিৎসক হয়ে মানুষের সেবা করার স্বপ্ন ছিল তাঁর। রাজশাহী মেডিকেলের দন্ত বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পাওয়ায় তাঁর সেই স্বপ্ন বাস্তবায়ন হতে চলেছে। তবে টাকার অভাবে ভর্তি হতে না পারলে তাঁর স্বপ্ন কোনো দিনই পূরণ হবে না। ভর্তি হতে সব মিলিয়ে ২৫ হাজার টাকা প্রয়োজন। কোনোভাবেই এত টাকা জোগাড় করা তাঁর দরিদ্র পরিবারের পক্ষে সম্ভব নয়।
মাঈন উদ্দিনের মা সুফিয়া বেগম বলেন, ‘মোর ছাওয়া মাঈন উদ্দিন ডাক্তারি পড়ার সুযোগ পাইছে, কিন্তুক উয়াক ভর্তির টাকা-পাইসা নাই। তাইলে কি মোর ছাওয়াটা ডাক্তারি পড়বার পাবার নয় (পারবে না)।’