টাকার অভাবে স্বেচ্ছাশ্রমের সেতুর কাজ থমকে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদের ওপরে বাঁশের সাঁকো দিয়ে চলাচল করতে হয় ঝুঁকি নিয়ে। নানা দপ্তরে আবেদন করলেও সেখানে সেতু নির্মিত হয়নি। এলাকাবাসী তাই চার বছর আগে স্বেচ্ছাশ্রম দিয়ে এর কাজ শুরু করেন। ২৬টি পিলার নির্মাণের পর এখন সেই কাজ বন্ধ। টাকার অভাবে তাঁদের যৌথ প্রয়াস ব্যর্থ হতে চলেছে।
এ ঘটনা রংপুরের গঙ্গাচড়ায় মর্ণেয়া ইউনিয়নের। ওই ইউনিয়নের মানাস নদের ওপর সেতু নির্মাণাধীন সেতুটির কাজ টাকার অভাবে তিন মাস আগে বন্ধ হয়ে যায়। এলাকাবাসী এখন সরকারের কাছে সেতুর বাকি কাজ শেষ করার জন্য টাকা বরাদ্দের দাবি জানিয়েছেন।
সেতুটির নির্মাণকাজের অন্যতম উদ্যোক্তা পল্লিচিকিৎসক ইউসুফ আলী বলেন, উপজেলার শেখপাড়া, তালপট্টি, ভাটিয়াপাড়া, কামদেব, নরসিংহ গ্রাম এলাকাটি উপজেলা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে। কিন্তু মানাস নদের ওপর সেতু না থাকায় এই পাঁচ গ্রামের বাসিন্দারা প্রায় বিচ্ছিন্ন অবস্থায় থাকেন। এসব গ্রামের প্রায় ছয় হাজার লোক দীর্ঘদিন ধরে একটি নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে নদের ওপর দিয়ে যাতায়াত করছেন। বিশেষ করে নদের ওপারে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ালেখা করা শিশুদের দুর্ভোগ লাঘবে একটি পাকা সেতু নির্মাণের উদ্যোগ নেন এলাকাবাসী। আড়াই শ ফুট দীর্ঘ ও নয় ফুট প্রস্থের এ সেতুর আনুমানিক নির্মাণ ব্যয় ধরা হয় ২৫ লাখ টাকা। ২০১১ সালের জানুয়ারি থেকে এর কাজ শুরু হয়। ১৫ লাখ টাকা ব্যয়ে এ পর্যন্ত ২৬টি পিলার নির্মিত হয়।
ইউসুফ আলী আরও বলেন, ‘সেতুটির জন্য সরকারের বিভিন্ন দপ্তরে ধরনা দিয়েও কোনো লাভ হয়নি। শেষে স্থানীয় লোকজনের যৌথ উদ্যোগে সেতুটি নির্মাণের সিদ্ধান্ত হয়। এ কাজে আমি নিজেও ১০ হাজার টাকা অনুদান দিয়েছি।’
তালপট্টি এলাকার শিক্ষক শাহিনুর রহমান বলেন, এলাকাবাসী যার যার সাধ্যমতো সেতুর নির্মাণকাজে হাত লাগিয়েছেন। কেউ অর্থ দিয়ে, কেউ ইট, বালুর মতো প্রয়োজনীয় মালামাল কিনে দিয়ে সাহায্য করেছেন।
মর্ণেয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হাকিম বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে এলাকাবাসীর এ মহৎ উদ্যোগের সঙ্গে রয়েছি। কিন্তু এ ধরনের সেতু নির্মাণের জন্য ইউনিয়ন পরিষদে কোনো তহবিল নেই। এলাকাবাসীর পক্ষ থেকে সরকারের বিভিন্ন দপ্তরে আবেদন করা হয়েছে। অর্থ জোগাড় হলেই আবার সেতুটির নির্মাণকাজ শুরু হবে।’