টাকার অভাবে হোঁচট খাবে কিপু রুদ্রপাল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিপু রুদ্রপাল (১৯) চা-শ্রমিক পরিবারের সন্তান। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছেন। ভর্তি হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে। স্থানীয় একটি বেসরকারি সংস্থা থেকে ১৫ হাজার টাকা ঋণ নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি দিয়েছেন তিনি।
লেখাপড়ার ভবিষ্যৎ নিয়ে কিপু উদ্বিগ্ন। তাঁর আশঙ্কা, খরচ জোগানোর অভাবে তাঁর পড়ালেখা বিঘ্নিত হতে পারে। এমনকি বন্ধও হয়ে যেতে পারে তা।
কিপুর বাড়ি জুড়ীর ধামাই চা-বাগানের তাঁতীপাড়া এলাকায়। বাবা কেতকী রুদ্রপাল ধামাই বাগানে দৈনিক ৬৯ টাকা মজুরিতে চা-পাতা তোলার কাজ করেন। মা তমাল রানী পাল গৃহিণী। কিপুরা তিন ভাই ও দুই বোন। কিপু তৃতীয়। বাকি ভাইবোনেরাও পড়াশোনা করছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, মাটির দেয়াল ও ছনের ছাউনির তিন কক্ষের একটি ঘরে বাস তাঁদের।
কিপু রুদ্রপাল জানান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ব্যবসায় প্রশাসন অনুষদে সম্মিলিত মেধাতালিকায় তিনি ২৭তম স্থান অর্জন করেন। পার্শ্ববর্তী কৃষ্ণনগর গ্রামে অবস্থিত গ্রাম উন্নয়ন কার্যক্রম (গ্রাউক) নামের একটি বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে তিনি ভর্তি হয়েছেন। বাবা যে মজুরি পান, তা দিয়ে সংসার চলে না। লেখাপড়া চালিয়ে যাওয়া ও ঋণ শোধ করা নিয়ে তিনি দুশ্চিন্তায় আছেন।
বেসরকারি সংস্থা গ্রাউকের চেয়ারম্যান অশোক রঞ্জন পাল জানান, বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ঋণ নেওয়ার বিষয়টি তাঁর জানা ছিল না।’