টাকার উৎস নিয়ে জনমনে প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ৩০ হাজার অতিথি। সকাল ১০টার পর থেকে তারা ‘বাঙালির শীতকালীন উৎসব ও প্রীতিভোজ’-এ আসতে শুরু করে। বেলা একটার আগেই পুরো অনুষ্ঠানস্থল নারী-পুরুষ, শিশু-কিশোরে ভরে যায়।
অতিথিদের আপ্যায়নের জন্য সোমবার রাতে ২২টি বড় গরু আর আটটি খাসি জবাই করা হয়েছিল। গতকাল মঙ্গলবার ভোর থেকে একসঙ্গে ১০৪টি চুলায় ওই মাংস, ১০০ মণ চালের ভাত, ১০০ মণ আলুর ঘাঁটি ও ৮০ মণ মাছের ভাজি রান্না শুরু হয়। বেলা দুইটা বাজার সঙ্গে সঙ্গে ১৬টি মাইকে খাবার পরিবেশনের ঘোষণা দেওয়া হয়। তখন স্বেচ্ছাসেবীরা একে একে তিনটি প্যান্ডেলে খাবার পরিবেশন শুরু করে।
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের রোয়ার গ্রামে গতকাল মঙ্গলবার এই প্রীতিভোজের আয়োজন করা হয়। জয়পুরহাট জেলার স্মরণকালের বিশাল এই প্রীতিভোজের আয়োজক উপজেলা কৃষক লীগের আহ্বায়ক জিয়াউল হক। গত ইউপি নির্বাচনে রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ছিলেন তিনি। পরে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। আওয়ামী লীগের প্রার্থী আহসান কবির বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। এবার উপজেলা পরিষদ নির্বাচনে তাঁর চেয়ারম্যান পদে নির্বাচন করার কথা এলাকায় প্রচার রয়েছে।
এলাকাবাসী বলেন, জিয়াউল হক প্রীতিভোজের আয়োজক হলেও মূলত তাঁর বড় ভাই এস এম মঞ্জুরুল হক অনুষ্ঠানের ব্যয়ভার বহন করেছেন। মঞ্জুরুল হক শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন কর্মকর্তা। প্রীতিভোজে প্রায় অর্ধকোটি টাকা ব্যয় হয়েছে বলে ধারণা করছেন তাঁরা। অনুষ্ঠান মঞ্চে দেওয়া বক্তব্যে মঞ্জুরুল হক টাকা ব্যয় করার কথা স্বীকারও করেছেন।
জয়পুরহাট থেকে দাওয়াত খেতে আসা মোয়াজ্জিম হোসেন বলেন, ‘এত বড় খাওয়ার আয়োজন জেলাজুড়ে আগে কখনো হয়নি। অনুষ্ঠানটিতে অর্ধকোটি টাকার বেশি ব্যয় হয়েছে। এই টাকার উৎস কোথায়, তা জানতে ইচ্ছা করছে।’
সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠানস্থলে ছিলেন এই প্রতিবেদক। অনুষ্ঠানের তদারকির দায়িত্বে থাকা সাত-আটজনের সঙ্গে কথা বলে জানা যায়, আড়াই শ মানুষ খাবার পরিবেশন করেন। বাবুর্চির দলনেতা সাইফুল ইসলামের বাড়ি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার খলিশ্বর গ্রামে। তিনি বলেন, সোমবার বিকেল থেকে শুরু করে মঙ্গলবার দুপুর পর্যন্ত একসঙ্গে ১০৪টি চুলায় রান্না করা হয়েছে।
জিয়াউল হক বলেন, জেলা ও পাঁচটি উপজেলার আওয়ামী লীগের নেতা-কর্মী, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, অন্য রাজনৈতিক দলের নেতা-কর্মী, এলাকাবাসী আমন্ত্রিত অতিথি ছিলেন।
এস এম মঞ্জুরুল হক বলেন, ‘জিয়াউল হক আক্কেলপুর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান সে প্রার্থী হবে। ইউপি নির্বাচনে লোকজনকে খাওয়ানোর ওয়াদা করেছিলাম। তাই প্রীতিভোজের আয়োজন করেছি।’ অনুষ্ঠানে কত খরচ হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘অনেক টাকাই খরচা হয়েছে। কিন্তু আমাদের জন্য কিছুটা সাশ্রয় আছে। ডেকোরেটর শুধু আনা-নেওয়ার ভাড়া নেবে। এ ছাড়া আলু-চাল ও মাছ নিজের বাড়ির। শুধু গরু ও মসলা কিনতে হচ্ছে। আমরা সাত ভাই গরুগুলো কিনেছি।’