টাকার গল্পে গরম বরিশাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাকার গল্পে গরম বরিশাল। তিন মেয়র পদপ্রার্থীর তিনজনই একে অন্যের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ করেছেন। ভোট কেনাবেচা ঠেকাতে পাহারা বসানোর কথাও জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থীরা।বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মো. মুজিবুর রহমান বলেন, ‘টাকা যে বিলানো হচ্ছে, এটা মিথ্যে নয়। তবে আমরা হাতেনাতে কাউকে ধরতে পারিনি। অভিযোগকারীরাও আমাদের কাছে বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ হাজির করতে পারেননি।’ তিনি বলেন, ‘গত মঙ্গলবার রাতে আমার কাছে খবর আসে, ভোটারদের মধ্যে টাকা বিলানোর জন্য বস্তাভর্তি টাকা নিয়ে আসার সময় এক ব্যক্তিকে ধরা হয়েছে। আমি পুলিশকে খবর দিলে ওই বস্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিকে ধরে আনতে বলি। পরে ওই লোককে ধরে আনা হলে দেখা গেল বস্তায় টাকা নেই। আছে এক প্রার্থীর কর্মীদের পরিচয়পত্র।’বিএনপি-সমর্থিত প্রার্থী আহসান হাবিবের পক্ষে গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে তাঁর প্রধান নির্বাচনী এজেন্ট এবায়েদুল হক বলেন, সরকারি দলের সমর্থিত মেয়র প্রার্থীর পক্ষে রাত-বিরাতে বস্তি এলাকায় টাকার বস্তা নিয়ে ঢুকছেন তাঁদের নেতা-কর্মীরা।এবায়েদুল হক প্রথম আলোকে বলেন, ‘বরিশাল সিটি করপোরেশন সব সময় বিএনপির ঘাঁটি। ২০০১ সালের ৩১ মার্চ প্রথমবারের মতো অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী মজিবর রহমান সরোয়ার ৪২ হাজার ৬২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী এনায়েত পীর খান পেয়েছিলেন ৩২ হাজার ৬৫৫ ভোট। সেবার আমি ১৩ হাজার ৮৫৬ ভোট এবং আমাদের বর্তমান মেয়র প্রার্থী আহসান হাবিব ২০ হাজার ২৪৮ ভোট পেয়েছিলেন। দলীয় অবস্থানের বাইরে গিয়ে আমরা আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর তুলনায় বেশি ভোট পেয়েছিলাম। ২০০৮ সালের ৪ আগস্ট অনুষ্ঠিত সিটি করপোরেশনের দ্বিতীয় নির্বাচন বর্জন না করলে সদ্য সাবেক মেয়র শওকত হোসেনের বিজয়ী হওয়ার কোনো সুযোগই ছিল না। বিএনপি দলগতভাবে ওই নির্বাচন বর্জন করলেও আহসান হাবিব ২৬ হাজার ৪১৬ এবং আমি ১৯ হাজার ৬২৬ ভোট পেয়েছিলাম।’এবায়েদুল হকের অভিযোগ, গত বৃহস্পতিবার রাত ১২টার পর ভোলার সরকারদলীয় সাংসদ নূরুন্নবী চৌধুরী শহরের পলাশপুর, রসুলপুর, কলাপট্টি ও মোহাম্মদপুর এলাকায় ভোটারদের মধ্যে টাকা বিলিয়েছেন। প্রমাণ আছে কি না, জানতে চাইলে তাঁর পাল্টা প্রশ্ন, ‘রাত ১২টার পর তো নির্বাচনী প্রচারণা বন্ধ থাকে, তখন ভোলার একজন এমপি কেন বরিশাল শহরের বস্তিতে ঢুকলেন?’এ ব্যাপারে নূরুন্নবী চৌধুরী বলেন, ‘আমি রাত ১০টার আগেই ঝালকাঠিতে চলে এসেছি। বৃহস্পতিবার দিনের বেলায় পলাশপুর, রসুলপুর, কলাপট্টি ও মোহাম্মদপুর এলাকায় ভোট চাইতে গিয়েছিলাম।’আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী শওকত হোসেনের প্রধান নির্বাচন সমন্বয়কারী সাংসদ তালুকদার মো. ইউনুস বলেন, ভোট কেনাবেচার রাজনীতিতে বিএনপি সবসময় সিদ্ধহস্ত। তিনি বলেন, বরিশাল সিটি করপোরেশনে ভোটের হিসাব-নিকাশ অনেক বদলে গেছে। নতুন ভোটার হয়েছে ৩১ হাজারের বেশি। বস্তিবাসীর উন্নয়নে শওকত যে ভূমিকা রেখেছেন, তা ভোটারদের মন বদলে দিয়েছে।অপর মেয়র পদপ্রার্থী যুবলীগের বহিষ্কৃত নেতা মাহমুদুল হক খান অবশ্য অপর দুই প্রার্থীর বিরুদ্ধেই ভোট কেনাবেচার অভিযোগ করেছেন।