টাকার জন্য পরিবেশ নষ্ট করা যাবে না: বাণিজ্যমন্ত্রী
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার টিপরদী এলাকায় অবস্থিত চৈতী কম্পোজিট লিমিটেডের বর্জ্য শোধনাগার (ইটিপি) গতকাল শনিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের।উদ্বোধনের আগে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, টাকার জন্য পরিবেশ, স্বাস্থ্য ও দেশ নষ্ট করলে সেই টাকা-পয়সা দিয়ে কী লাভ হবে? জনসেবা, সমাজসেবা কিছুই হবে না। পরিবেশ দূষিত হলে লাভের চেয়ে ক্ষতিই বেশি হবে।চৈতী কম্পোজিট লিমিটেডের চেয়ারম্যান আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সাংসদ আবদুল্লাহ আল কায়সার এবং সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম ভূঁইয়া, জাতীয় পার্টির আহ্বায়ক অনন্যা হুসাইন, সোনারগাঁ পৌরসভার প্যানেল মেয়র রোকসানা আক্তার প্রমুখ।