টাকার জন্য বন্ধুকে হত্যা
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় টাকার জন্য বন্ধুর হাতে খুন হয়েছেন এক তরুণ। উপজেলার শিবপাশা গ্রামে ১০ জুন এ ঘটনা ঘটে। ঘটনার ১৫ দিন পর মঙ্গলবার পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে তাঁর বন্ধু একই গ্রামের সাকিউর গতকাল বুধবার আদালতে জবানবন্দি দেন।
এ ঘটনায় নিহত বাছির চৌধুরীর বড় ভাই জিসু মিয়া গত সোমবার সাকিউর, তাঁর মা-বাবাসহ ১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ সাকিউর (৩২), তাঁর বাবা ময়না মিয়া (৬০), মা মরিয়ম বেগম (৫০), চাচি মালেকা বেগম (৪৫), ভাই রাকিবুল (২৫) ও ভাবি পান্না বেগমকে গ্রেপ্তার করেছে।
মামলার এজাহার ও এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে, শিবপাশা গ্রামে মুন্সিহাটির একটি বাড়িতে প্রতিদিন জুয়ার আসর বসত। ১০ জুন ওই গ্রামের বদিরুজ্জামান চৌধুরীর ছেলে বাছির (৩২) তাঁর বন্ধু সাকিউরের সঙ্গে সেখানে যান। এর পর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে এ ঘটনায় বাছিরের পরিবারের লোকজন সাকিউরকে সন্দেহ করতে থাকেন। এ সন্দেহ থেকে বাছিরের ছোট ভাই জিসু মিয়া সোমবার আজমিরীগঞ্জ থানায় হত্যা মামলা করেন। ওই দিনই পুলিশ সাকিউরসহ উল্লিখিত ছয়জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়ার পর গতকাল সাকিউর হবিগঞ্জ বিচারিক হাকিমের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এতে তিনি উল্লেখ করেন, বাছির ১০ জুন জুয়া খেলে অনেক টাকা পেয়েছিলেন। তিনি টাকার লোভে বাছিরকে শ্বাসরোধে হত্যা করেছেন। হত্যার পর তিনি লাশ বাড়িতে এনে একটি ট্রাঙ্কের মধ্যে লুকিয়ে রাখেন। দুর্গন্ধ বের হওয়ায় দুদিন পর তিনি বাড়ির পাশের খালের পাড়ে গর্ত করে লাশ মাটিচাপা দিয়ে রেখে দেন। আজমিরীগঞ্জ থানার ওসি তৈয়মুর বখত চৌধুরী জানান, সাকিউরের স্বীকারোক্তির পর বাছিরের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মূলত জুয়াখেলার টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে।