বান্দরবানের লামায় টাকার জন্য নাইক্ষ্যংছড়ির ম্রো কার্বারি (পাড়াপ্রধান) মাংরক ম্রোকে হত্যা করেছেন মংসাচিং মারমা। গত বৃহস্পতিবার লামা আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি এ কথা বলেন।
লামা আদালতের কোর্ট পুলিশ পরিদর্শক আমির হোসেন বলেন, গত বৃহস্পতিবার লামা আদালতের বিচারিক হাকিম মো. আলী আক্কাসের আদালতে মংসাচিং খুনের দায় স্বীকার করে জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি বলেন, একজনের কাছে তাঁর ১৫ হাজার টাকা ঋণ ছিল। ওই টাকা পরিশোধের জন্য মাংরক ম্রোকে হত্যা করেন তিনি। আসামি মংসাচিং মারমা লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের ত্রিশডেবাপাড়ার বাসিন্দা।
গত ২৭ জুলাই বর্গাচাষিদের কাছ থেকে জমির টাকা নেওয়ার জন্য লামায় এসে নিখোঁজ হন বৃদ্ধ মাংরক ম্রো। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৩০ জুলাই মংসাচিংকে গ্রেপ্তার করে পুলিশ। এর পরদিন তাঁর দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ লামার ফাঁসিয়াখালীর মুরুংঝিরি আগা এলাকা থেকে মাংরক ম্রোর গলাকাটা লাশ উদ্ধার করে। নিহত মাংরক ম্রো নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি ইউনিয়নের চতই হেডম্যানপাড়ার রইনা ম্রোর ছেলে।
লামা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, মংসাচিংকে পুলিশ পাঁচ দিনের রিমান্ডে নেয়। পুলিশের কাছেও তিনি মাংরক ম্রোকে হত্যার কথা স্বীকার করেন। আদালতে জবানবন্দিতে তিনি বলেছেন, ২৭ জুলাই টাকা নিয়ে নাইক্ষ্যংছড়ি ফেরার পথে তিনি মাংরক ম্রোর পিছু নেন। মুরুংঝিরি আগায় নির্জন স্থানে তাঁকে পেছন থেকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন।