টাকার জন্য স্কুলের মাঠ ভাড়া!
স্কুলের মাঠে লোহার পাইপের স্তূপ। শিশুরা সেই স্তূপের মধ্যেই ছুটোছুটি করছে। মাঠে এভাবে পাইপ রাখায় অ্যাসেম্বলি করতে পারছে না দুটি স্কুলের ছয় শতাধিক শিক্ষার্থী। এক বছর ধরে গাইতে পারছে না জাতীয় সংগীত, করতে পারছে না খেলাধুলা। এ অবস্থা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আগমুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আগমুন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের।জানা গেছে, মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের খেলার মাঠের সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের মাঠটিও ভাড়া দিয়েছে। দেড় লাখ টাকায় এক বছরের জন্য মাঠ ভাড়ার চুক্তি হয়েছে। ভাড়ার মেয়াদ আরও এক বছর বাড়ানো হবে বলে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাদির জানিয়েছেন।একাধিক অভিভাবক ক্ষোভের সঙ্গে বলেছেন, লেখাপড়ার পাশাপাশি শিশুদের মানসিক বিকাশে খেলাধুলার প্রয়োজন আছে। অথচ স্কুল কর্তৃপক্ষ তা বুঝতে পারছে না। তারা টাকার জন্য মাঠটি ভাড়া দিয়েছে। যেকোনো সময় পাইপ গড়িয়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তাঁরা। সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঝিনাইদহ-যশোর সড়কের পাশে কালীগঞ্জের আগমুন্দিয়ায় একই স্থানে দুটি স্কুল রয়েছে। একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, অপরটি মাধ্যমিক বিদ্যালয়। দুটি স্কুলের প্রায় পাঁচ একর জমি আছে, যার পশ্চিম পাশে রয়েছে মাধ্যমিক বিদ্যালয় আর পূর্ব পাশে প্রাথমিক বিদ্যালয়। স্কুল দুটি একত্রে হওয়ায় এর খেলার মাঠটিও রয়েছে একসঙ্গে। দুই স্কুলের শিক্ষার্থীরা এই মাঠে খেলাধুলা করত। কিন্তু গত বছরের শুরুর দিকে বিদ্যালয়ের মাঠে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান লোহার পাইপ রাখা শুরু করে। ভারত থেকে আমদানি করা এই পাইপ এখানে রাখা হচ্ছে, আবার নিয়ে যাওয়া হচ্ছে।আগমুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমেনা খাতুন বলেন, মাধ্যমিক স্কুলের স্বার্থে এটা করা হয়েছে। তাঁরা স্কুলের মাঠ ভাড়ার কোনো টাকা পাননি। এতে কোমলমতি শিশুরা খেলাধুলার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। নিয়মিত অ্যাসেম্বলি হয় না। এমনকি শিক্ষার্থীরা জাতীয় সংগীতও গায় না।আগমুন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাদির জানান, বিদ্যালয়ের স্বার্থে, এলাকার মানুষের সিদ্ধান্তে তাঁরা মাঠটি ভাড়া দিয়েছেন। আরও এক বছর মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তের কথা স্বীকার করেন তিনি। আবদুল কাদির বলেন, এখান থেকে তাঁরা যে দেড় লাখ টাকা পেয়েছেন, তা স্কুলের উন্নয়নে ব্যয় করা হয়েছে। আগমুন্দিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জহুরুল ইসলাম জানান, খেলার মাঠ না থাকলে ছেলেমেয়েদের অসুবিধা হয় এটা যেমন ঠিক, তেমনি স্কুলের উন্নয়নও প্রয়োজন। আর এই উন্নয়নের স্বার্থে তাঁরা মাঠটি ভাড়া দিয়েছেন।কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাক আহম্মদ প্রথম আলোকে বলেন, ‘এভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভাড়া দেওয়ার কোনো সুযোগ নেই। এটা ভাড়া দিয়ে তাঁরা ঠিক করেননি।’ বিষয়টি নিয়ে তিনি সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন বলে জানান।