টাকার জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যা!
বরিশালের বাবুগঞ্জে ইয়াসমিন বেগম নামের এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। দাবি অনুযায়ী বাবার বাড়ি থেকে এক লাখ এনে দিতে না পারায় স্বামী সালাম সরদার তাঁকে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। গত বুধবার বিকেলে ময়নাতদন্ত শেষে ওই গৃহবধূর লাশ তাঁর ভাই মো. ইব্রাহিম জমাদ্দারের কাছে হস্তান্তর করা হয়। নিহত ইয়াসমিনের বাবার পরিবারের অভিযোগ, বাবুগঞ্জের ইসলামপুর গ্রামের মৌজে আলী সরদারের ছেলে সালাম সরদারের সঙ্গে ২০০৮ সালে গৌরনদীর ঠাকুরমল্লিক গ্রামের মৃত কাঞ্চন জমাদ্দারের মেয়ে ইয়াসমিনের বিয়ে হয়। তাঁদের একটি ছেলে আছে। গত ফেব্রুয়ারিতে সালাম স্ত্রী ইয়াসমিনকে বিদেশে যাওয়ার জন্য ভাইদের কাছ থেকে এক লাখ টাকা আনতে বলেন। ইয়াসমিন বিষয়টি বড় ভাই ইব্রাহিমকে জানালে তিনি টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। টাকা এনে দিতে না পারায় প্রায়ই সালাম তাঁর স্ত্রীকে মারধর করতেন। ইয়াসমিনের ভাই ইব্রাহিম অভিযোগ করেন, গত মঙ্গলবার সালাম পুনরায় তাঁর বোন ইয়াসমিনকে টাকার আনার জন্য চাপ দেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাগিবতণ্ডার একপর্যায়ে সালাম তাঁর বোনকে নির্যাতন করেন। পরে জ্ঞান হারালে ইয়াসমিন বিষ পান করেছেন বলে সালাম তাঁদের খবর দেন। খবর পেয়ে তিনি মঙ্গলবার বেলা আড়াইটায় সালামের বাড়িতে যান। পরে সালাম ও তিনি ইয়াসমিনকে প্রথমে গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইয়াসমিন ওই দিনই মারা যান। ইয়াসমিন মারা যাওয়ার পর সালাম হাসপাতাল থেকে পালিয়ে যান। পরে বরিশাল কোতোয়ালি থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ইব্রাহিম অভিযোগ করেন, এক লাখ টাকা দিতে না পারায় সালাম তাঁর বোন ইয়াসমিনকে পিটিয়ে হত্যা করেছেন। গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আবদুস সালাম বলেন, ইয়াসমিনের মাথায় ও শরীরে জখমের চিহ্ন ছিল। পাশাপাশি তাঁর মুখ থেকে বিষের দুর্গন্ধ বের হচ্ছিল। বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, লাশের ময়নাতদন্ত প্রতিবেদনের ভিত্তিতে মামলা করা হবে। সালাম সরদারের মুঠোফোনে জানান, কারো কাছে টাকা চাওয়া হয়নি। সংসারে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়েছিল এর জেরে তার স্ত্রী ইয়াসমিন কিটনাশক পান করে। তাকে তিনি নির্যাতন করেননি।