বান্দরবানের আলীকদমের তিন গরু ব্যবসায়ীকে পাশের উপজেলা থানচিতে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জবানবন্দিতে বলেছে আসামি জয় বাহাদুর ওরফে জীবন ত্রিপুরা। তিনজনকে হত্যার পরিকল্পনা বাস্তবায়নে মোট ১০ জন অংশ নেয়। হত্যার আগে তিন গরু ব্যবসায়ীর কাছ থেকে নগদ ৩৯ হাজার টাকা এবং বিকাশের মাধ্যমে তাঁদের স্বজনদের কাছ থেকে আরও ৫০ হাজার টাকা নেওয়া হয়।
গতকাল বৃহস্পতিবার বান্দরবানের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তাহমিনা আফরোজ চৌধুরীর আদালতে অপরাধ স্বীকার করে জবানবন্দি দেয় জীবন ত্রিপুরা। জবানবন্দিতে দেওয়া তার বক্তব্যের বিষয়টি প্রথম আলোকে জানিয়েছেন থানচি থানার উপপরিদর্শক (এসআই) ও তিন ব্যবসায়ী হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ফারুক হোসেন। তিনি বলেন, জবানবন্দিতে আসামি বলেছে, হত্যাকারী দলে ছিল ছয়জন। তাদের সহযোগী হিসেবে ছিল জীবন ত্রিপুরাসহ আরও চারজন। হত্যায় অংশ নেওয়া ছয়জনের দলটি গরু ব্যবসায়ী আবু বক্কর, নূরুল আবছার ও শাহাব উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে। তিনজনকে জানানো হয় তাদের কাছে পাঁচটি গরু ও চারটি গয়াল রয়েছে। তাঁদের প্রয়োজনীয় টাকা নিয়ে আসতে বলা হয়। কিন্তু তিনজনের কাছে ছিল ৩৯ হাজার টাকা। এতে তারা ক্ষুব্ধ হয়। পরে ৫০ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠানোর জন্য তাঁদের চাপ দেওয়া হয়। ওই ৫০ হাজার টাকা পাঠানোর বিষয়টি নিশ্চিত হওয়ার পর তিনজনকে পাহাড়ি ঝরনার খাদে নিয়ে হত্যা করা হয়। এ সময় জীবন ত্রিপুরাসহ দুজন আলীকদম-থানচি সড়কে পাহারা দেয়। তাদের দুই হাজার টাকা করে দেওয়া হয়।
বান্দরবানের কোর্ট পরিদর্শক মশিউর রহমান বলেন, জবানবন্দিতে জীবন ত্রিপুরা হত্যাকাণ্ডের বিস্তারিত বিবরণ দিয়েছে। হত্যাকাণ্ডের পর কোনো সমস্যা দেখা দিলে থানচির এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিষয়টি দেখবেন বলে জবানবন্দিতে উল্লেখ করেছে সে।
নিখোঁজ হওয়ার তিন দিন পর আলীকদমের তিন গরু ব্যবসায়ীর লাশ থানচির রুমভেত পাড়া এলাকা থেকে গত সোমবার উদ্ধার করা হয়। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়।
নিহত ব্যক্তিদের পরিবারকে অনুদান: পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর গতকাল আলীকদম সফরে যান। তিনি নিহত তিন গরু ব্যবসায়ীর পরিবারকে দেড় লাখ টাকা করে অনুদান দিয়েছেন। এ ছাড়া হামলায় ক্ষতিগ্রস্ত চারটি ত্রিপুরা পরিবার এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি বাঙালি পরিবারকেও আর্থিক অনুদান দেন। ওই অগ্নিকাণ্ডে এক শিশু মারা যায়।
প্রতিমন্ত্রী এলাকার লোকজনকে শান্ত থাকার পরামর্শ দেন। বান্দরবানের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে তিনি সবার প্রতি আহ্বান জানান।