আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে জব্দ মাদকদ্রব্য পরীক্ষার জন্য গবেষণাগারে পাঠানোর পর মাদক ব্যবসায়ীদের টাকার জোরে তার পরীক্ষার ফল পাল্টে যায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় উপকমিটির প্রতিবেদনে তথ্য দেওয়া হয়েছে।
প্রতিবেদনটি গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে উপস্থাপন করা হয়েছে। কমিটি মাদকের ব্যবহার নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির আগে এবং চাকরিতে নিয়োগের আগে ডোপ টেস্টের মাধ্যমে শিক্ষার্থী বা চাকরিপ্রার্থী মাদকাসক্ত কি না, তা শনাক্তের সুপারিশ করেছে।
সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হয়। মাদক বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য ২০১৪ সালের ১৯ আগস্ট সাংসদ ওমর ফারুক চৌধুরীকে আহ্বায়ক এবং ফরিদুল হক খান ও আবু সাঈদ আল মাহমুদকে সদস্য করে উপকমিটি গঠন করা হয়। গতকালের বৈঠকে প্রতিবেদনটি নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে ওমর ফারুক চৌধুরী প্রথম আলোকে বলেন, বিদ্যমান মাদক নিয়ন্ত্রণ আইনে কিছু ফাঁক আছে। এই ফাঁক গলে অপরাধীরা বেরিয়ে যায়। এরা যাতে বেরোতে না পারে, সে জন্য আইন সংশোধন করতে হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯০ সালের মাদক নিয়ন্ত্রণ আইন অনুযায়ী অপরাধীর অপরাধ জামিনযোগ্য। কমিটি কিছু অপরাধের ক্ষেত্রে জামিন অযোগ্য ধারা যোগ করে আইনটি সংশোধন করতে বলেছে। এ ছাড়া ইয়াবার মতো নতুন মাদকের তালিকা তৈরি করে অপব্যবহারকারীদের সাজার জন্য বিশেষ বিধান করতে বলা হয়েছে। কমিটির মতে, এ ধরনের বিধান থাকলে আদালত নতুন মাদক-সম্পর্কিত মামলা দ্রুত নিষ্পত্তি করতে পারবেন।
প্রতিবেদনে মাদক পরীক্ষার ফল যাতে বদলে না যেতে পারে, সে জন্য একই সময়ে একাধিক গবেষণাগারে তা পরীক্ষা করার সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি টিপু মুনশির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, মোজাম্মেল হোসেন, শামসুল হক টুকু, ওমর ফারুক চৌধুরী, ফরিদুল হক খান, আবুল কালাম আজাদ, আবু সাঈদ আল মাহমুদ ও ফখরুল ইমাম উপস্থিত ছিলেন।