টাকার বিনিময়ে নকলের সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালী ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ এবং বিবিএসের পরীক্ষায় টাকার বিনিময়ে নকলের সুযোগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ কাজে কলেজের শিক্ষকসহ কয়েকজন কর্মকর্তা জড়িত আছেন বলে অভিযোগ আছে। এ নিয়ে কলেজের কয়েকজন শিক্ষকের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। নাম প্রকাশ না করার শর্তে কলেজের একজন শিক্ষক বলেন, ‘নকলের মহোৎসব দেখে নিজেকে শিক্ষক মানতে ঘৃণা হয়।’
কলেজ সূত্রে জানা গেছে, এ বছর কুমারখালী কলেজ থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৬৫ জন ছাত্রছাত্রী বিএ এবং বিবিএস পরীক্ষায় অংশ নিয়েছেন। গত শুক্রবার থেকে পরীক্ষা শুরু হয়েছে। কলেজের কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, পরীক্ষা শুরু হলে প্রত্যেকের কাছ থেকে কলেজের প্রধান অফিস সহকারী একটি ঝুড়ি নিয়ে টাকা তোলেন। একেকজনের কাছ থেকে ৫০ থেকে ১৫০ টাকা পর্যন্ত নেওয়া হয়। এতে শুক্রবারের পরীক্ষায় প্রায় ১০ হাজার টাকা উঠেছে। এর বিনিময়ে ১০০ নম্বরের মধ্যে ২০ নম্বরের নৈর্ব্যক্তিক পরীক্ষার উত্তর বলে দেওয়া হয়। এ ছাড়া প্রকাশ্যে নকল করার সুযোগও দেওয়া হয়।
কুমারখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ শরীফ হোসেন জানান, পরীক্ষাকেন্দ্রে বিশ্ববিদ্যালয় ও স্থানীয় প্রশাসনের একজন প্রতিনিধি উপস্থিত থাকেন। নকল করার প্রশ্নই আসে না, সেখানে টাকা নেওয়া তো দূরের কথা। প্রধান অফিস সহকারী আমজাদ হোসেন জানান, কেউ টাকা তোলেন না। এসব অভিযোগ ভিত্তিহীন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আরিফ উজ জামান বলেন, ‘নকলের ঘটনা সত্য। এ রকম অভিযোগ আমি পেয়েছি। নকল বন্ধের ব্যাপারে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি।’