টাকার বিনিময়ে গরু উদ্ধার!
রংপুরের পীরগঞ্জে ১০ দিনে ১৭টি গরু চুরির ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের অনেকে মামলা না করে দালালদের মাধ্যমে টাকার বিনিময়ে গরু উদ্ধার করে আনছেন বলে জানা গেছে।কৃষকেরা জানান, গরু চুরি হলে থানায় মামলা করে তা উদ্ধার করা সম্ভব হয় না। বরং গরু চুরি যাওয়ার পর একশ্রেণীর দালালের মাধ্যমে সামান্য টাকার বিনিময়ে উদ্ধার করা যায়। গত সপ্তাহে উপজেলার মাকিমপুর গ্রামের কৃষক আমজাদ হোসেনের দুটি হালের বলদ চুরি হয়। মামলা না করে বলদ দুটি উদ্ধারে তাঁকে ২০ হাজার টাকা খরচ করতে হয়েছে। তিনি বলেন, ‘দারোগা পুলিশ করিয়া লাভ নাই।’পুলিশ জানায়, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের কাজে পুলিশকে সর্বক্ষণ ব্যস্ত থাকতে হচ্ছে। এই সুযোগে গরুর চোরেরা সক্রিয় হয়ে উঠেছে। গত ১০ দিনের ব্যবধানে উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কেশবপুর গ্রামের সুলতান মিয়ার একটি, হাফিজুর রহমানের দুটি, চতরা ইউনিয়নের ধর্মদাশ গ্রামের সুরুজ আলীর দুটি, বাহাদুরপুর গ্রামের সামাদ মিয়ার তিনটি, বজলু মিয়ার দুটি, সদর ইউনিয়নের বাজিতপুর গ্রামের বদরুল ইসলামের দুটি, আরিজপুর গ্রামের সোলেমান মিয়ার দুটি, প্রজাপাড়ার প্রভাত চন্দ্রের একটি, রায়পুর ইউনিয়নের ধনশালা গ্রামের বাদশা মিয়ার দুটি গরু চুরি হয়েছে। এসব ঘটনায় থানায় মামলা হয়েছে মাত্র একটি।খোঁজ নিয়ে জানা যায়, চুরি যাওয়া গরুর মালিকদের সঙ্গে দালালদের মধ্যে চোরের যোগাযোগ হয়। পরে টাকার বিনিময়ে গরু ফেরত দেওয়া হয়। তাই তাঁরা থানায় মামলা করতে চান না। পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম এ বিষয়ে বলেন, ইউপি নির্বাচনে পুলিশ সর্বক্ষণ ব্যস্ত থাকছে। পুরোনো ইউপি চেয়ারম্যান-সদস্যরা নিষ্ক্রিয়। নতুনেরা এখনো দায়িত্ব পাননি। এই সুযোগে চোরেরা সক্রিয় হয়ে উঠেছে। মামলা না হলেও গরু চুরির ঘটনার সত্যতা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।