টাকার বিনিময়ে চাকরির আশ্বাস, প্রতারক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় লাখ টাকার চেক আর ৩০০ টাকার স্ট্যাম্পে অঙ্গীকারনামা দিলেই মিলবে পুলিশের কনস্টেবল পদে চাকরি—এমন আশ্বাসে ঢাকার সাভার, ধামরাইসহ বিভিন্ন জেলা থেকে চাকরিপ্রার্থী সংগ্রহ করছিল একটি চক্র। ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গত বুধবার ওই চক্রের হোতা আক্কাছ মিয়াকে আটক করেছে।
ঢাকা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, স্বচ্ছতার সঙ্গে কনস্টেবল পদে জনবল নিয়োগের উদ্দেশ্যে জেলার প্রতিটি মসজিদসহ বিভিন্ন জনবহুল এলাকায় পুলিশের পক্ষ থেকে প্রচারণা চালানো হয়েছে, যাতে চাকরিপ্রার্থীরা প্রতারক চক্রের খপ্পরে পড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন।
খোঁজ নিয়ে জানা গেছে, এ বছর ঢাকা জেলার কোটায় কনস্টেবল পদে ৬৯৬ জনকে নিয়োগ দেওয়া হবে। তবে জনবল নিয়োগের ঘোষণার পরপরই মাঠে নামে প্রতারক চক্র। পূর্ব-পরিচয়ের সূত্র ধরে ধামরাইয়ের বাউখণ্ড গ্রামের আতাউর রহমানসহ আরও কয়েকজনের মাধ্যমে কনস্টেবল পদে চাকরিপ্রার্থী জোগাড় করতে থাকেন আক্কাছ আলী। এ ছাড়া তিনি দীর্ঘদিন ধরে সাভার পৌর এলাকার তালবাগ মহল্লায় থেকে পুলিশে চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।
সাভারের ছায়াবীথি এলাকার আবদুস সালাম বলেন, পরিচিত একজনের মাধ্যমে জানতে পেরে ধামরাইয়ে তাঁর দুই আত্মীয়ের চাকরির জন্য আক্কাছ আলীর সঙ্গে যোগাযোগ করেন তিনি। চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে তিনি (আক্কাছ) তাঁর কাছে প্রতিজনের জন্য ছয় লাখ টাকার চেক চান ও স্ট্যাম্পে লিখিত অঙ্গীকার দিতে বলেন। তবে টাকার অঙ্ক বেশি হওয়ায় তিনি রাজি হননি।
সাভার পৌর এলাকার পালপাড়া মহল্লার তপন পাল বলেন, চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে আক্কাছ তাঁর কাছে প্রতিজনের জন্য সাড়ে পাঁচ লাখ টাকা দাবি করেন। ধামরাইয়ের নান্দেশ্বরী গ্রামের কাউসার আহাম্মেদ বলেন, এক আত্মীয়ের চাকরির জন্য আক্কাছ তাঁর কাছেও টাকা দাবি করেন।
বিষয়টি জানার পর এ প্রতিবেদক নিজের পরিচয় গোপন রেখে মুঠোফোনে যোগাযোগ করলে আক্কাছ আলী বলেন, ‘আমার বাড়ি গোপালগঞ্জে, ...(আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা) আমার আত্মীয়। তাই কনস্টেবল পদে চাকরি দেওয়া কোনো বিষয়ই না।’ তিনি আরও বলেন, আপাতত চাকরিপ্রার্থীর অভিভাবকের চেক ও অঙ্গীকারনামা দিলেই চলবে। নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর টাকা পরিশোধ করতে হবে।
বিষয়টি পুলিশ সুপার হাবিবুর রহমানকে জানানো হলে তাঁর নির্দেশে ডিবি পুলিশ ফাঁদ পেতে নবীনগর থেকে বুধবার দুপুরে আক্কাছ আলীকে আটক করে। ডিবির দায়িত্বে থাকা সাভার মডেল থানার এএসপি রাসেল শেখ বলেন, আক্কাছের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।