টাকার বিনিময়ে ছাড় পেল পুলিশের ওপর হামলাকারীরাও
পুলিশ হত্যা ও পুলিশের ওপর হামলার অন্তত ১০টি মামলায় আটক ব্যক্তিদের টাকার বিনিময়ে ছাড় দিয়েছে পুলিশ। সব কটি ঘটনা ঘটেছে ঝিনাইদহ ও নড়াইল জেলায়।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো একটি নথি থেকে এ তথ্য জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১৮ মার্চ ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী’ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে মন্ত্রণালয়কে জানাতে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দিয়েছে। তবে অভিযুক্ত পুলিশ সদস্যরা টাকা নেওয়ার কথা প্রথম আলোর কাছে অস্বীকার করেছেন।
সরকারি প্রতিবেদনের হিসাবে, নয়টি ঘটনা ঘটেছে ঝিনাইদহ জেলায়। বাকি একটি ঘটেছে নড়াইলে।
ওই প্রতিবেদন অনুযায়ী, গত বছরের ৩ মার্চ জামায়াত-শিবিরের হামলায় ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানার সোনাতলা ক্যাম্পের কনস্টেবল জি এম ওমর ফারুক নিহত হন। হামলাকারীরা ফারুককে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। গত ৬ মার্চ তাঁকে পুলিশের সর্বোচ্চ সম্মান বাংলাদেশ পুলিশ পদক-সাহসকিতা (মরণোত্তর) দেওয়া হয়।
এই কনস্টেবল ফারুক হত্যার মামলায় পৌর জামায়াতের প্রচার সম্পাদক হারুন অর রশিদকে আটক করা হয়। কিন্তু পরে ৪৫ হাজার টাকা ঘুষ নিয়ে তাঁকে অন্য মামলায় চালান দেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়, এই টাকা নিয়েছেন নড়াইল জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি) নজরুল ইসলাম।
জানতে চাইলে নজরুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমরা কি নিজের রক্তের সঙ্গে বেইমানি করতে পারি? ওই ঘটনায় আমাদের জিরো টলারেন্স ছিল। এখন কারা আমাদের বিরুদ্ধে এ রকম একটা প্রতিবেদন দিল বুঝতে পারছি না। মনে হয়, আমরা বেশি কাজ দেখানোর কারণে এ রকম হয়েছে।’
হারুন অর রশিদের কাছে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমাকে সন্দেহ করে এই মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। পরে হালকা মামলায় আটক দিয়েছে।’ টাকার বিনিময়ে সুবিধা পেয়েছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমার কথা বলা কি ঠিক হবে? তাহলে তো আবার গ্রেপ্তার হব, নাহ্ কোনো টাকা দেইনি।’
জেলার মহেশপুর থানায় পুলিশের ওপর হামলার ঘটনায় ১১টি মামলা হয়েছে। জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর এসব হামলার ঘটনা ঘটেছিল।
সরকারের প্রতিবেদনে জেলার মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেনের বিরুদ্ধে পুলিশের ওপর হামলার ছয় মামলায় ছয় আসামিকে আটকের পর টাকার বিনিময়ে কাউকে ছেড়ে দেওয়া হয়েছে এবং কাউকে অন্য মামলায় চালান দেওয়ার অভিযোগ আনা হয়েছে। বলা হয়েছে, ছয় আসামির কাছ থেকে তিন লাখ ৭৫ হাজার টাকা নেওয়া হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এর মধ্যে বিএনপির নেতা মনির মেম্বারের কাছ থেকে এক লাখ টাকা, উপজেলা জামায়াতে ইসলামীর রাজনৈতিক সচিব নাসির উদ্দিন এবং মহেশপুর পৌরসভার সাবেক পৌর কমিশনার ও পৌর জামায়াতের শুরা সদস্যের কাছ থেকে দুই লাখ ৪০ হাজার টাকা, বিএনপি-সমর্থক জুয়েল খানের কাছ থেকে ২০ হাজার টাকা, জামায়াতের নেতা অহিনুর ইসলামের কাছ থেকে ২৫ হাজার টাকা ও মফিজের কাছ থেকে ৩০ হাজার টাকা নেওয়া হয়।
জানতে চাইলে মহেশপুর থানার ওসি আকরাম হোসেন প্রথম আলোকে বলেন, ‘এঁরা সব বিএনপি ও জামায়াতের কর্মী। এঁরা প্রত্যেকেই বিভিন্ন মামলায় জেলে আছেন। তাই আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’
বিভিন্ন মামলায় আটক থাকায় ওই ছয়জনের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
প্রতিবেদন অনুযায়ী, ঝিনাইদহ সদর থানায় করা পুলিশের ওপর হামলার দুটি মামলায় গত ২২ নভেম্বর দুই আসামিকে আটক করা হয়। পরে তাঁদের ৫৪ ধারায় চালান দেওয়া হয়। উপপরিদর্শক মিলন এর জন্য ২১ হাজার টাকা নিয়েছেন।
জানতে চাইলে এসআই মিলন প্রথম আলোকে বলেন, ‘এসব বিষয়ে আমি কিছু জানি না।’
তবে আটক কমল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘সন্দেহজনকভাবে আমাকে আটক করা হয়েছিল। আমি শিবিরের মেসে থাকতাম।’ তিনি বলেন, ‘আমি টাকা দেইনি। আমার পার্টি থেকে টাকা দেওয়ায় আমাকে বড় মামলা না দিয়ে ৫৪ ধারায় চালান দেওয়া হয়েছে। এভাবে অনেককেই আটক করা হচ্ছে। আবার ছেড়েও দিচ্ছে।’
গত ১১ ডিসেম্বর বিরোধী দলের অবরোধের দিনে নড়াইল পৌরসভার ডুমুরতলা মোড়ে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন। জামায়াত-শিবিরের অস্ত্রধারীরা নড়াইল থানার পরিদর্শক (তদন্ত) মোক্তার হোসেনকে মেরে-কুপিয়ে রাস্তায় ফেলে রাখেন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মোক্তারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনার এজাহারভুক্ত আসামি শিবিরের কর্মী ফিরোজ ভূঁইয়াকে ১৭ ডিসেম্বর আটক করে পুলিশ। প্রতিবেদনে টাকা লেনদেনের কোনো তথ্য না থাকলেও অভিযুক্ত হিসেবে তখনকার ওসি রফিকুল ইসলাম ও এসআই মানিকচন্দ্র সাহার নাম আছে।
জানতে চাইলে এসআই মানিক চন্দ্র সাহা বলেন, ‘ধরে আনা পর্যন্ত আমার দায়িত্ব। তারপর কী হয়েছে, তা আমার জানা নেই।’
ওসি রফিকুল ইসলাম এখন পুলিশ লাইনে সংযুক্ত (ক্লোজড) আছেন।
জানতে চাইলে শিবিরের কর্মী ফিরোজ ভূঁইয়া এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি।