টাকার বিনিময়ে বিনা মূল্যের বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার ১ জানুয়ারি প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে পাঠ্যপুস্তক তুলে দিয়েছে। ওইদিন সারা দেশে একযোগে বিনা মূল্যে বই বিতরণ উৎসব পালিত হয়েছে। কিন্তু রাজশাহীর দুর্গাপুর, নওগাঁর রাণীনগরে বেশকিছু প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা টাকার বিনিময়ে বই বিতরণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয়ের বিদ্যুৎ বিল পরিশোধ, পরিবহন খরচ, উন্নয়নসহ নানা অজুহাতে শিক্ষার্থীদের কাছ থেকে ওই টাকা নেওয়া হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:রাজশাহী: দুর্গাপুর উপজেলার প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, ইসবপুর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণের জন্য ১ জানুয়ারির আগে বিভিন্ন শ্রেণীর ১৮০ সেট বই সরবরাহ করা হয়। বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মধ্যে বই সরবরাহ করার কথা। অভিযোগমতে, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের কাছ থেকে ২৫ টাকা এবং চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের কাছ থেকে ৪০ টাকা করে নেওয়া হয়েছে। যারা টাকা দিয়েছে, শুধু তাদেরই বিনা মূল্যের বই দেওয়া হয়েছে।ওই বিদ্যালয়ের প্রথম ও তৃতীয় শ্রেণীর দুই শিক্ষার্থী জানায়, টাকা না দেওয়ায় তাদের বই দেওয়া হয়নি। অভিভাবকেরা জানান, নিরুপায় হয়ে তাঁরা তাঁদের মেয়েদের নিকটবর্তী শিবপুর প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করিয়েছেন। সেখান থেকে তাদের বই দেওয়া হয়েছে।অভিযোগ প্রসঙ্গে ইসবপুর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুছ আলী কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল কুদ্দুসের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। সহকারী শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেছেন, বই দেওয়ার জন্য নয়, প্রতিষ্ঠানের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের জন্য টাকা নেওয়া হচ্ছে। এর আগের বছরগুলোতেও টাকা নেওয়া হয়েছে। এভাবে টাকা নেওয়া ঠিক কি না জানতে চাইলে ওই শিক্ষক বলেন, ‘আমরা বিদ্যুৎ বিল পরিশোধের জন্য সরকারিভাবে কোনো বরাদ্দ পাই না।’উপজেলা শিক্ষা কর্মকর্তা সানাউল্লাহ জানান, এ বিষয়ে ৩ জানুয়ারি মৌখিক অভিযোগ পাওয়ার পর তা তদন্ত করার জন্য সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাফিসা বেগম বলেন, বই বিতরণে কোনো টাকা নেওয়া যাবে না। যে শিক্ষকেরা টাকা নেবেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।আদমদীঘি (বগুড়া): রাণীনগরে মোট ১৫৮টি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দুই লাখ ৩৫ হাজার ৬০০ বই বিতরণের কথা। বই বিতরণকালে শিক্ষার্থীদের কাছ থেকে পরিবহন খরচ বাবদ, আবার কোনো কোনো বিদ্যালয়ে উন্নয়নের কথা বলে টাকা নেওয়া হয়েছে।কালীগ্রাম উচ্চবিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে বই নিচ্ছে। প্রত্যেকের কাছ থেকে ২০ টাকা করে নিয়ে হাতে বই তুলে দেওয়া হচ্ছে। এ সময় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী জানান, বই নিয়ে আসতে পরিবহন ভাড়া বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে ২০ টাকা করে নেওয়া হচ্ছে। আবাদপুকুর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমাউল হুসনা বলেন, ‘আমাদের গরিব স্কুল। উন্নয়নের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ২০ টাকা করে নেওয়া হয়েছে।’রাতোয়াল আরএন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শুকবর আলী জানান, বিদ্যালয়ের বৈদ্যুতিক পাখা কেনার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ১০ টাকা করে নেওয়া হয়েছে। পুঠিয়া আজিজুর রহমান মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার জানান, তাঁরা শিক্ষার্থীদের কাছ থেকে বই বিতরণকালে ১০ টাকা করে নিয়েছেন।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম আসাদুজ্জামান বলেন, বিষয়টি তিনি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।