টাকার বিনিময়ে বিনামূল্যের বই
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাগুলোতে বিনামূল্যের সরকারি বই সরবরাহ করে টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পরিবহন খরচের কথা বলে এ টাকা আদায় করছেন বলে শিক্ষকেরা অভিযোগ করেছেন।শিক্ষকেরা জানান, পরিবহন খরচ মেটানোর জন্য সরকারের অর্থ বরাদ্দ থাকলেও রাঙ্গুনিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম শিক্ষার্থীপ্রতি আট টাকা হারে পরিশোধ করার আদেশ দিয়েছেন। আবার শিক্ষার্থীদের কাছ থেকে এ ব্যাপারে টাকা না নিতেও নির্দেশ দিয়েছেন তিনি। ফলে বিদ্যালয় তহবিল থেকে এ টাকা দিতে হচ্ছে। উপজেলার ঘাটচেক উচ্চবিদ্যালয়ের শিক্ষক নির্মলচন্দ্র শীল জানান, বিদ্যালয়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ৪৪১ জন শিক্ষার্থী রয়েছে। মাথাপিছু আট টাকা হারে বই সরবরাহের জন্য শিক্ষা কর্মকর্তা তিন হাজার ৫২৮ টাকা দাবি করেছেন। এর মধ্যে এক হাজার টাকা দিয়ে তিনি কিছু বই পেয়েছেন। আরও আড়াই হাজার টাকা পরিশোধের জন্য চাপ দিচ্ছেন। রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, কিছু বই পেলেও তিনি কোনো টাকা দেননি। তবে টাকা দেওয়ার জন্য শিক্ষা কর্মকর্তা চাপাচাপি করছেন।মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার বদরুল আলম জানান, রাঙ্গুনিয়ায় ৪২টি বিদ্যালয় ও ১৫টি মাদ্রাসার ১১ হাজার ২৫০ জন শিক্ষার্থীর জন্য বিনামূল্যে সরকারি বইয়ের চাহিদা দেওয়া হয়েছে। সে অনুযায়ী বই সরবরাহ করা হচ্ছে। তবে এখনো কিছু বই হাতে এসে পৌঁছায়নি। নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা কার্যালয়ের এক কর্মকর্তা জানান, প্রতি শিক্ষার্থীর জন্য বিনামূল্যের বই সরবরাহে আট টাকা হিসাবে প্রায় ৯০ হাজার টাকা আদায় হওয়ার কথা। তবে কোনো কোনো বিদ্যালয় এখনো সম্পূর্ণ টাকা পরিশোধ করেনি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, চট্টগ্রাম জেলার কয়েকটি গুদাম থেকে এনসিটিবির বই সরবরাহ দেওয়া হলেও পরিবহন খরচ দেওয়া হয়নি। গত ১০ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সম্মেলনকক্ষে প্রধান শিক্ষকদের সভায় পরিবহন খরচ মেটাতে বলা হয়। তবে মাথাপিছু আট টাকা হারে আদায়ের বিষয়ে তিনি কোনো নির্দেশ দেননি। ইউএনও তানভীর আজম সিদ্দিকী বলেন, প্রধান শিক্ষকদের সভায় পরিবহন খরচ মেটানোর কথা বলা হয়েছিল। তবে শিক্ষার্থীপিছু আট টাকা আদায়ের বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন।