বরগুনার পাথরঘাটা পৌরসভা নির্বাচনে মেয়র পদে টাকার বিনিময়ে মনোনয়ন বদলের অভিযোগ পাওয়া গেছে। বিএনপির কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতাদের বিরুদ্ধে উপজেলা ও পৌর বিএনপির কয়েকজন নেতা-কর্মী এ অভিযোগ করেছেন।
এ ঘটনায় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দুই পক্ষের নেতা-কর্মীরা গতকাল বুধবার পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেন।
উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, বিএনপি মনোনীত চূড়ান্ত প্রার্থী ছিলেন মো. মনিরুজ্জামান খান। গতকাল মনিরুজ্জামানের পরিবর্তে মল্লিক মোহাম্মদ আইউবকে দলীয় মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। পরে মল্লিক মোহাম্মদ আইউবকে প্রত্যাখ্যান করে উপজেলা বিএনপির কার্যালয়ে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলন করে এক পক্ষ। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমান মোল্লা।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফারুক বলেন, ‘গত মঙ্গলবার রাত পর্যন্ত মনিরুজ্জামান বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন। হঠাৎ গতকাল সকালে জানতে পারেন মল্লিক মোহাম্মদ আইউব মেয়র পদে মনোনয়ন পেয়েছেন। এতে উপজেলা ও পৌর বিএনপির ত্যাগী নেতা-কর্মীরা ক্ষুব্ধ। মল্লিক মোহাম্মদ আইউব আঞ্চলিক ও কেন্দ্রীয় নেতাদের মোটা অঙ্কের টাকা দিয়ে আগের মনোনয়ন বাতিল করিয়েছেন। আমরা এর প্রতিবাদ ও নিন্দা জানাই।’ এ সময় এক প্রশ্নের জবাবে মতিউর রহমান মোল্লা বলেন, মনোনয়ন সঠিকভাবে দেওয়া না হলে বিএনপির নেতা-কর্মীরা প্রয়োজনে পাথরঘাটায় নির্বাচন প্রত্যাখ্যান করবেন। এতে আরও বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক সভাপতি খলিলুর রহমান, সাহাবুদ্দিন সাকু প্রমুখ। সংবাদ সম্মেলন শেষে তাঁরা বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করেন।
এদিকে গতকাল বেলা তিনটার দিকে পাথরঘাটা প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন করেন বিএনপির মনোনীত প্রার্থীর সমর্থকেরা। এতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর মোল্লা। বক্তব্য দেন উপজেলা বিএনপির উপদেষ্টা মরিয়ম চৌধুরী, জ্যেষ্ঠ সহসভাপতি রুস্তম আলী হাওলাদার, সহসভাপতি নুর আফরোজ ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন।
এ সময় মরিয়ম চৌধুরী বলেন, ‘দল যাঁকে যোগ্য মনে করেছে, তাঁকে মনোনয়ন দিয়েছে। আমরা তাঁর সমর্থনে কাজ করে যাব। স্থানীয় বিএনপিও তাঁর সঙ্গে আছে। বিভ্রান্তি ছড়াতেই দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ করা হয়েছে।’
মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে মল্লিক মোহাম্মদ আইউব প্রথম আলোকে বলেন, বিএনপির নামে অন্য রাজনৈতিক দলের কিছু লোকজন ওই বিক্ষোভ করছেন।
এ ব্যাপারে মো. মনিরুজ্জামান খান গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘শোনা যাচ্ছে টাকার বিনিময়ে মনোনয়ন বদল করা হয়েছে। তবে এ ঘটনা নিয়ে আজ (গতকাল বুধবার) রাতে আমি বিএনপির চেয়ারপারসনের সঙ্গে দেখা করে নালিশ করব।’
এ ব্যাপারে জেলা বিএনপির সভাপতি মাহাবুবুল আলম মোল্লা বলেন, ‘আমরা একমাত্র মো. মনিরুজ্জামান খানের নাম স্থানীয়ভাবে চূড়ান্ত করে কেন্দ্রে পাঠিয়েছিলাম। জেলা থেকে পাঠানো তালিকায় তাঁর (মল্লিক আইউব) নাম ছিল না, এ কথা সত্য। তবে কেন্দ্র ভালো মনে করেছে বলে আইউবকে মনোনয়ন দিয়েছে।’ টাকার বিনিময় মনোনয়ন বদলের বিষয়টি তিনি অস্বীকার করেন।