‘নগদ ৫০ হাজার টাকা ও অফিস সহকারীর চাকরির প্রতিশ্রুতির বিনিময়ে আমি আবদুর রহমান হিসেবে আদালতে হাজির হতে রাজি হই। ২৮ জানুয়ারি সিলেট থেকে রংপুরে আসার সময় আবদুর রহমানের নাম ও ঠিকানা মুখস্থ করতে থাকি। কিন্তু বারবার ভুলে যাচ্ছিলাম।’ গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, সিলেট কর অঞ্চল-৪-এর সহকারী কর কমিশনার (অতিরিক্ত) আবদুুর রহমান হিসেবে আদালতে আত্মসমর্পণকারী সিলেটের আবদুর রউফ (৫৫) গতকাল শুক্রবার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাতে তিনি এসব কথা বলেন। রংপুর আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নিত্যনন্দ সরকার ১৬৪ ধারায় তাঁর জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দিতে আবদুর রউফ বলেন, ‘সিলেটের একটি হোটেলে আমার সঙ্গে আবদুর রহমানের চুক্তি হয়। গত ২৮ জানুয়ারি সিলেট থেকে রংপুরে যাই। পথে বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর আমার হাতে একটি কাগজ ধরিয়ে দিয়ে রহমান বলেন, ‘এখন থেকে তুমিই আবদুর রহমান’। সেই কাগজে আবদুর রহমানের নাম ও ঠিকানা লেখা ছিল। আমি তাঁর নাম ও বাড়ির ঠিকানা মুখস্থ করতে থাকি। কিন্তু ভুলে যাচ্ছিলাম।’ রউফ বলেন, ‘রংপুরে গিয়ে আমাকে শহরের কটককিপাড়ার একটি বাড়িতে রাখা হয়। ওই সময় আমার সঙ্গে আবদুর রহমানও ছিলেন। ২৯ জানুয়ারি আমি আদালতে গেলেও উনি যাননি।’রউফ বলেন, ‘কারাগারে যাওয়ার পর আমার অনুশোচনা হয়।’ গত বুধবার রংপুর শহর থেকে আবদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। গত বৃহস্পতিবার তাঁকে কারাগারে পাঠানো হয়। আদালতের নির্দেশে রউফ মুক্তি পেলেও প্রতারণার মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। আবদুর রহমান ১৯৮৯ সালে নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান থাকার সময় কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি (কাবিখা) গম আত্মসাতের দায়ে তিন বছরের সাজা ও ভুয়া সনদে তাঁর চাকরি লাভের অভিযোগ নিয়ে গত মঙ্গলবার প্রথম আলোয় ‘সবই সম্ভব’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।