টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগের অভিযোগ
অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে দিনাজপুরের বিরামপুর উপজেলার দেবীপুর উচ্চবিদ্যালয়ে দুজন শিক্ষক ও একজন সহকারি গ্রন্থগারিক নিয়োগের অভিযোগ পাওয়া গেছে। এদের মধ্যে একজনের নিবন্ধন সনদ জাল বলে নিশ্চিত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ—এনটিআরসিএ।এ নিয়োগপ্রক্রিয়ার বিরুদ্ধে বঞ্চিত প্রার্থীদের পক্ষে দেবীপুর গ্রামের মামনুর রশীদ গত ৫ ও ২৫ মে দিনাজপুর সহকারী জজ আদালতে দুটি মামলা করেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবদুল হান্নান জানান, আদালত গত ৩১ মে নিয়োগপ্রাপ্তদের বেতন-ভাতা উত্তোলনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন।বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ২২ মার্চ দৈনিক জনতায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ৫ এপ্রিল ছিল আবেদনের শেষ দিন। ৯ এপ্রিল প্রধান শিক্ষক পদে শফিরুল ইসলাম, সহকারী শিক্ষক (সমাজবিজ্ঞান) পদে বিলকিস বেগম ও সহকারী গ্রন্থাগারিক পদে মৌসুমী রানীকে নিয়োগ দেওয়া হয়।মামলার বাদী মামনুর রশীদ বলেন, ‘সহকারী গ্রন্থাগারিক পদে আবেদন জমা দিতে গেলে পরিচালনা কমিটির সভাপতি মশিহুর রহমান জানান, ‘প্রার্থী ঠিক হয়ে আছে। আবেদন করে লাভ হবে না। একপর্যায়ে তিনি আমাকে চার লাখ টাকা দিয়ে চাকরি নেওয়ার প্রস্তাব দেন। রাজি না হয়ে রেজিস্ট্রি ডাকযোগে আবেদনপত্র পাঠাই। কিন্তু আমি নিয়োগ পরীক্ষার কার্ড পাইনি।’ দিওড় শৌলা নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খায়রুল আকতার বলেন, ‘আমি আমার স্ত্রীর জন্য সহকারী গ্রন্থাগারিক পদে আবেদন করতে চাইলে সভাপতি একই ধরনের কথা বলেন।’ নিয়োগবঞ্চিত প্রার্থীরা জানান, গত ১২ এপ্রিল সরকার এডহক কমিটি পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়োগ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। কিন্তু দেবীপুর উচ্চবিদ্যালয়ের এডহক কমিটি ১২ এপ্রিলের আগেই নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন দেখাতে জালিয়াতির আশ্রয় নিয়েছে।বিদ্যালয় কমিটির সভাপতি মো. মশিহুর রহমান জানান, নিয়োগ পাওয়া প্রধান শিক্ষকের কাছ থেকে চার লাখ, সমাজবিজ্ঞান শিক্ষকের কাছ থেকে নগদ দুই লাখ ৮০ হাজার এবং ২০ হাজার টাকার চেক নেওয়া হয়েছে। সহকারী গ্রন্থাগারিক মৌসুমী রানীর পাঁচ লাখ টাকা স্থানীয় সাংসদ আজিজুুল হক চৌধুরীকে দেওয়া হয়েছে। এ ছাড়া মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) প্রতিনিধি দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে দেড় লাখ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ বি এম নকিবুুল হাসানকে দেড় লাখ, জেলা শিক্ষা কর্মকর্তা এনায়েতুর রহমান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল হান্নান ও বিদ্যালয়ের অন্য শিক্ষকদের ৫০ হাজার টাকা করে এবং গ্রামের প্রভাবশালী ব্যক্তিদের ৮০ হাজার টাকা দেওয়া হয়েছে। তাঁর নিজের পকেট থেকে ৫০ হাজার টাকা খরচ হয়েছে। মো. রফিকুল ইসলাম, মো. এনায়েতুর রহমান ও মো. নকিবুল ইসলাম টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন। তবে সাংসদ আজিজুুল হক চৌধুরীর সঙ্গে একাধিকবার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।নিবন্ধন সনদ জাল: সমাজবিজ্ঞান বিষয়ের শিক্ষক বিলকিস বেগমের শিক্ষক নিবন্ধন সনদটি জাল বলে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) নিশ্চিত করেছে। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মশিহুর রহমান জানান, বিলকিস বেগমের নিবন্ধন সনদটি ২০০৭ সালের শিক্ষক নিবন্ধন পরীক্ষার সমাজবিজ্ঞান বিষয়ের। সনদটি নিয়ে সন্দেহ দেখা দিলে যাচাইয়ের জন্য ১৩ জুন এনটিআরসিএর কাছে পাঠানো হয়েছিল। জেলা শিক্ষা কর্মকর্তা এনায়েতুর রহমান জানান, বিলকিস বেগমের নিয়োগ বাতিলের পদক্ষেপ নেওয়া হয়েছে।