টাকার বিনিময়ে স্বাস্থ্যসনদ, মেডিকেল সেন্টার সিলগালা
যাঁর স্বাস্থ্য পরীক্ষা হবে তিনি স্বাস্থ্যকেন্দ্রে আসেননি। অথচ তাঁর স্বাস্থ্য পরীক্ষা হয়েছে মর্মে ‘মেডিকেল ফিটনেস’ কার্ড বা চিকিৎসাসনদ প্রস্তুত হয়ে গেছে। তাতে ৩৫ ধরনের পরীক্ষার ফলাফল সন্তোষজনক বলে লেখা রয়েছে। টাকা নিয়ে বিদেশযাত্রীদের এভাবে সুস্বাস্থ্যের সনদ দেওয়ার অভিযোগে গতকাল বৃহস্পতিবার রাজধানীর বনানীর ‘স্টার কিউর মেডিকেল সেন্টার’ সিলগালা করে দেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
একই সঙ্গে দণ্ড দেওয়া হয়েছে পাঁচজনকে। এর মধ্যে ক্লিনিকের মালিক আবুল বাশার ও ব্যবস্থাপক মনিরুজ্জামানকে ছয় মাসের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দালাল মাহফুজা ইসলামকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড এবং কর্মী রুনা খানম ও বিবি খাদিজাকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
গতকাল দুপুর থেকে বিকেল পর্যন্ত এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা। তিনি বলেন, চাকরির ভিসা নিয়ে বিদেশ যেতে হলে সুস্বাস্থ্যের সনদ নিতে হয়। এই সনদ নেওয়ার জন্য নির্দিষ্ট কিছু ক্লিনিক রয়েছে। স্টার কিউর মেডিকেল সেন্টারও এমন একটি প্রতিষ্ঠান। কিন্তু তারা সংশ্লিষ্ট ব্যক্তি না দেখেই তাঁর সুস্বাস্থ্যের সনদ দিচ্ছিল। প্রতিষ্ঠানটিতে চিকিৎসকের জাল সই দিয়ে ৩৫ ধরনের পরীক্ষার সনদ দিচ্ছিলেন ব্যবস্থাপক মনিরুজ্জামান। সার্বক্ষণিক একজন চিকিৎসক থাকার কথা থাকলেও সেখানে তা ছিল না।
র্যাব জানায়, সম্প্রতি সিঙ্গাপুর থেকে ফিরে আসা এক যাত্রী অভিযোগ করেন, সাড়ে ছয় লাখ টাকা খরচ করে সিঙ্গাপুরে যাওয়ার পরই তাঁর ফুসফুসে পানি পাওয়া যায়। এর পরই সিঙ্গাপুর কর্তৃপক্ষ তাঁকে ফেরত পাঠায়। অথচ চিকিৎসা সনদে সব ঠিক ছিল। এখন তিনি দেনার দায়ে পালিয়ে বেড়াচ্ছেন।
ওই অভিযানে র্যাব-১-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) আজমিলা নাছরিন চৌধুরী ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি যোগেশচন্দ্র রায়ও উপস্থিত ছিলেন।
ভুয়া দন্ত চিকিৎসকের দণ্ড: এর আগে গত বুধবার রাতে রাজধানীর কাঁঠালবাগান এলাকার নাসির কমপ্লেক্সের নিচতলায় ‘হ্যাভেন ডেন্টাল কেয়ারে’ অভিযান চালান র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সেখানকার দুজন ভুয়া দন্ত চিকিৎসক শিউলী আক্তার (৩৫) ও কান্তা সরকারকে (২৭) শনাক্ত করে দণ্ড দেওয়া হয়।
ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা জানান, শিউলী আক্তারকে এক বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড এবং কান্তা সরকারকে ছয় মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এই দুই ভুয়া চিকিৎসকের কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি নেই। শিউলি আক্তার এর আগে দন্ত চিকিৎসকের সহকারী হিসেবে কাজ করেছেন। এরপর তিনি নিজেই চিকিৎসক সেজে চেম্বার খুলেবসেন। একই সঙ্গে কান্তা সরকারকে তাঁর সহযোগী হিসেবে নিয়োগ দেন। অভিযানকালে র্যাব-২-এর এএসপি কামরুলইসলাম ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিস্বপন কুমার তপাদার উপস্থিত ছিলেন।