মো. শেখ কামাল ও মো. বেলাল হোসেন। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ট্রাফিক বিভাগে কাজ করতেন তাঁরা। শুল্ক ফাঁকি দিয়ে আনা ৪০টি সোনার বার বিমানবন্দর থেকে বের করে দিতে তাঁদের সঙ্গে ৬০ হাজার টাকার চুক্তি হয়। কিন্তু বিমানবন্দর থেকে বের হওয়ার আগেই দুজনে ধরা পড়েন। পুলিশ জানায়, দুই বিমানকর্মী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব কথা বলেছেন।
চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ফরিদ আলমের আদালতে ৫ মে বিমানের অস্থায়ী ওই দুই কর্মচারী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
৩ মে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক গোয়েন্দা ও গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তাদের হাতে ৪০টি সোনার বারসহ ধরা পড়েন শেখ কামাল ও বেলাল হোসেন। এ ঘটনায় দুজনকে আসামি করে পতেঙ্গা থানায় মামলা করা হয়।
পুলিশ জানায়, জবানবন্দিতে বেলাল হোসেন উল্লেখ করেন, ১৫ বছর ধরে বাংলাদেশ বিমানের ট্রাফিক বিভাগে চাকরি করেন তিনি। সেলিম নামের তাঁর এক সহকর্মীর মাধ্যমে বিমানবন্দরে টিপু নামের এক ব্যক্তির সঙ্গে তাঁর পরিচয় হয়। টিপু তাঁকে জানান, ৩ মে সকাল সাড়ে নয়টায় দুবাই থেকে মো. ইউসুফ নামের এক ব্যক্তি আসবে। তাঁর পরনে হাফ শার্ট এবং জিনসের প্যান্ট থাকবে। বুকের ওপর সানগ্লাস ঝোলানো থাকবে। তাঁর কাছ থেকে দুই প্যাকেট সোনার বার নিয়ে বিমানবন্দর থেকে বের করে দিতে হবে। কাজ হলে ৬০ হাজার টাকা দেওয়া হবে। বিষয়টি নিয়ে শেখ কামাল, মো. শফিক, পরিমল ও জসিমের সঙ্গে কথা বলেন তিনি।
জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন ভূঁঞা গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, বিমানের ট্রাফিক বিভাগের দুই কর্মচারী ৬০ হাজার টাকার চুক্তিতে ৪০টি সোনার বার বিমানবন্দরের বাইরে পার করার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। এতে তাঁরা কার কাছ থেকে সোনার বারগুলো নিয়েছিলেন, বাইরে কে তাঁদের কাছ থেকে এগুলো গ্রহণ করত, তা স্বীকার করেন। জড়িত বাকি সহযোগীদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
এক প্রশ্নের জবাবে জাকির হোসেন জানান, জবানবন্দিতে যাঁদের নাম এসেছে তাঁরা বিমানের ট্রাফিক বিভাগের অস্থায়ী কর্মচারী। ঘটনার পর থেকে তাঁরা কাজে আসছেন না। এজাহারে দুজনের নাম থাকলেও তদন্ত শেষে জড়িত সবাইকে আসামি করে প্রতিবেদন দেওয়া হবে।