রাজধানীর খিলগাঁওয়ে বাবা-ছেলেকে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনায় কাজী সিরাজুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাঁর কাছ থেকে টাকাসহ ছিনতাইয়ে ব্যবহৃত অস্ত্রের ছবি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি। তাঁর সঙ্গে খিলগাঁও থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সখ্য ছিল বলে গ্রেপ্তার অভিযানে যাওয়া ডিবির কর্মকর্তারা জানিয়েছেন।
৪ সেপ্টেম্বর খিলগাঁও ফায়ার স্টেশনের সামনে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী ইসরাইল হোসেন ও তাঁর ছেলে শরিফ হোসেন সায়মনকে গুলি করে ৩৮ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। এতে বুকে গুলি লেগে শরিফ মারা যান। হাতে-পায়ে চারটি গুলিবিদ্ধ ইসরাইল জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন। এ ঘটনার পরে খিলগাঁও থানার ওসি সিরাজুল ইসলাম শেখকে প্রত্যাহার করা হয়।
কাজী সিরাজুলকে গ্রেপ্তারের বিষয়ে গতকাল সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে ডিএমপির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, ছিনতাইয়ের সময় ঘটনাস্থলে থাকা একটি গাড়ির সূত্র ধরে গত রোববার গভীর রাতে খিলগাঁও থেকে কাজী সিরাজুলকে গ্রেপ্তার করা হয়। সিরাজুল স্বীকার করেছেন, ঘটনার আগে তাঁর বাড়িতে ছিনতাইয়ের পরিকল্পনা হয়েছিল।
গ্রেপ্তার অভিযানে যাওয়া ডিবির কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তারের সময় সিরাজ বারবারই খিলগাঁও থানার সাবেক ওসি সিরাজুল শেখের বরাত দিয়ে তাঁকে গ্রেপ্তার না করার অনুরোধ করেন। তাঁর স্ত্রীসহ পরিবারের সদস্যরা ডিবির কাছে দাবি করেন, সাবেক ওসি সিরাজুলের সঙ্গে সিরাজের বন্ধুর মতো সম্পর্ক ছিল। ওই বাড়িতে ওসির যাতায়াতও ছিল।
এ বিষয়ে বক্তব্য জানতে বিকেল থেকে চেষ্টা করেও সিরাজুল শেখের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তাঁর ব্যক্তিগত মুঠোফোন নম্বর বন্ধ ছিল।
গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবির অতিরিক্ত উপকমিশনার আবদুল্লাহ আল মামুন বলেন, সন্দেহের বশে সিরাজের বাসায় গিয়ে তাঁর মুঠোফোনে তিনটি আগ্নেয়াস্ত্র ও ছয়টি গুলির ছবি পাওয়া যায়। নীল-হলুদ রঙের বিছানার চাদরের ওপর একটি পিস্তল ও দুটি রিভলবার রেখে ছবিটি তোলা হয়েছিল। সেই অস্ত্র পাওয়া যায়নি। চাদরটি তাঁর বাসা থেকে উদ্ধার করা হয়েছে। এর পর ছিনতাই হওয়া তিন লাখ ৯৯ হাজার টাকা পাওয়া গেছে তাঁর গৃহকর্মীর কাপড় রাখার ব্যাগে।
অবশ্য সিরাজ সাংবাদিকদের কাছে দাবি করেন, টাকাগুলো তিনি সম্প্রতি ব্যাংক থেকে তুলেছেন।
খিলগাঁওয়ের স্থানীয় একটি সূত্র জানায়, কাজী সিরাজুল খিলগাঁওয়ের ধনাঢ্য পরিবারের সন্তান। তাঁর বাবার একাধিক বাড়ি রয়েছে। এলাকার কেব্ল লাইনের (ডিশ) ব্যবসায়ী হিসেবে পরিচিতি রয়েছে সিরাজের। এর আগে তাঁর বিরুদ্ধে এ ধরনের কোনো অপরাধে জড়িত থাকার অভিযোগ ওঠেনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ওই ছিনতাইয়ে তিন থেকে চারজন অংশ নিয়েছিলেন। শাহীন নামে একজন ছিলেন মূল গুলিবর্ষণকারী।
সংবাদ সম্মেলনে ডিবির উপকমিশনার কৃষ্ণপদ রায়, মাসুদুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।