টাকায় এক হালি কপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের পাইকারি বাজারে এখন টাকায় এক হালি ফুলকপি-বাঁধাকপি পাওয়া যাচ্ছে। গতকাল শুক্রবার মেহেরপুরের পাইকারি বাজারে কপি এই দামে বিক্রি হয়েছে। তবে খুচরা বাজারে বিক্রি হয়েছে তিন টাকা হালি দরে।জেলার কপি চাষি ডাবলু জানান, গতবার ভালো দাম পাওয়ায় এবার তিনি তিনগুণ বেশি জমিতে কপির চাষ করেছেন। তাঁর মতো অনেক চাষি অধিক মুনাফার আশায় বেশি জমিতে কপির চাষ করেন। এ কারণে বাজারে কপির আমদানি এত বেশি যে দাম একেবারে কমে গেছে।মেহেরপুর বড়বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুস ছাত্তার জানান, বেশি মুনাফার আশায় এবার একশ্রেণীর চাষি আগাম কপির চাষ করেছিলেন। পাশাপাশি শীতের স্বাভাবিক কপির চাষও হয়েছে দ্বিগুণ। তাই এর বাজারদর একেবারেই মন্দা। বাজারে কপির আমদানি এত বেশি যে কেনার মানুষ নেই। তাই পচন ঠেকাতে দ্রুত ও সস্তায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন চাষি ও ব্যবসায়ীরা।ক্রেতা নাসির উদ্দিন জানান, কপির দাম সস্তা হওয়ায় এবার ফুলকপি ও বাঁধাকপি কেনার প্রতি তাঁদের ঝোঁক কমে গেছে। নাসরিন জাহান জানান, তিনি কপি শুকিয়ে চিপস তৈরি করে সংরক্ষণ করবেন। তাই সস্তা পেয়ে এগুলো বেশি করে কিনে রাখছেন।মেহেরপুর কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক এস এম নূর উদ্দিন আবু আল-হালিম জানান, গতবার মেহেরপুর জেলায় প্রায় ১৯ হাজার হেক্টর জমিতে কপির চাষ হয়েছিল। তখন চাষিরা প্রচুর লাভবান হয়েছিলেন। এবার জেলায় প্রায় ৪১ হাজার হেক্টর জমিতে কপির চাষ হয়। বাড়তি চাষের কারণে চাষিরা এবার কপির দাম পাচ্ছেন না। বাজারে আমদানি বেড়ে যাওয়ায় কপি কিনতে ক্রেতারা আগ্রহ হারিয়ে ফেলেছেন।