
দেশ-বিদেশের প্রায় আট হাজার ধাতব মুদ্রা আর কাগুজে নোটের সমাহার গোটা জাদুঘরে। আছে বিলুপ্ত দেশের কাগজের নোট। সোনা-রুপার মুদ্রা আছে নানান ধরনের। আরও আছে স্মারক মুদ্রা ও বিশেষ কাগজের নোট। চাইলে লাখ টাকার নোটে ছাপিয়ে নেওয়া যাবে নিজের ছবিও। এমন নানা মুদ্রার সমাহার দেখা যাবে মিরপুর ২ নম্বরে অবস্থিত বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির দ্বিতীয় তলায় টাকার জাদুঘরে। এখানে ঢুকতে দিতে হবে না কোনো প্রবেশমূল্য। ২০১৩ সালের এপ্রিল মাসে এই জাদুঘরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাদুঘরের দায়িত্বে থাকা বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার ইসমাইল বললেন, বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরাই এখানে বেশি আসে। এর বাইরে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারাও পরিবার নিয়ে এখানে আসেন।
দুটি গ্যালারির সমন্বয়ে সাজানো হয়েছে টাকার জাদুঘর। প্রথম গ্যালারিতে দেখা যাবে বিভিন্ন আমলের মুদ্রা আর কাগজের নোট। গ্যালারিতে থাকা সেই সব মুদ্রা আর কাগুজে নোটের ইতিহাসও জানা যাবে জাদুঘর থেকে পাওয়া একটি তথ্য বিবরণীতে। টাকার জাদুঘরে প্রদর্শিত মুদ্রাগুলোর মধ্যে রয়েছে ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা। কাচে ঘেরা বাক্সে রয়েছে কুষাণ মুদ্রা, হরিকেল মুদ্রা, দিল্লি ও বাংলার সুলতানদের মুদ্রা, মোগল ও ব্রিটিশ শাসকদের মুদ্রাসহ আধুনিক কালের মুদ্রাসম্ভার। অতীতকাল থেকে উনিশ শতক পর্যন্ত মুদ্রা হিসেবে বাংলার ছোট ছোট লেনদেনে কড়ি ব্যবহৃত হয়ে এসেছে। প্রদর্শনীতে রয়েছে কড়ির কিছু নমুনা। মৌর্য শাসনের সমাপ্তিকাল থেকে গুপ্ত অধিকারকালের মধ্যবর্তী খ্রিষ্টাব্দ প্রথম ও দ্বিতীয় শতকে কুষাণ সম্রাটেরা ভারতবর্ষে শাসনক্ষমতায় ছিলেন।
সিলেট, নোয়াখালী, কুমিল্লার ময়নামতিসহ চট্টগ্রামের উপকূলবর্তী অঞ্চলে বিস্তৃত হরিকেল জনপদে একধরনের রৌপ্যমুদ্রার প্রচলন ঘটেছিল। এ-জাতীয় হরিকেল মুদ্রা আছে জাদুঘরে। টাকার জাদুঘরের প্রদর্শনীতে এ ছাড়া রয়েছে মোগল সমসাময়িক কালের কোচ ও আসাম মুদ্রা। ভারতবর্ষে প্রথম কাগুজে নোটের প্রচলনও ঘটে ব্রিটিশ যুগে। এ জাদুঘরে দিল্লির সুলতান গিয়াসউদ্দিন তুগলক শাহ, মোগল সম্রাট শাহজাহান, আওরঙ্গজেব ও ব্রিটিশ শাসক রানি ভিক্টোরিয়ার কিছু স্বর্ণমুদ্রাসহ সুলতানি, মোগল ও ব্রিটিশ ভারতীয় স্বর্ণ, রৌপ্য ও তাম্রমুদ্রা এবং কাগুজে নোট আছে। তা ছাড়া এই গ্যালারির মধ্যে রয়েছে আবহমান গ্রামবাংলার চিত্র। যেখানে পণ্যের বিনিময়ে পণ্য দেওয়া-নেওয়ার দৃশ্য উঠে এসেছে। দেয়ালে স্থাপিত টেলিভিশনে দেখানো হচ্ছে আসল ও নকল নোট চেনার নানা কৌশল। স্পর্শকাতর মনিটরের মাধ্যমে দেখে নেওয়া যাবে বিভিন্ন সময়ের মুদ্রা ও নোটের ইতিহাসও।
গ্যালারি ২-এর বড় আকর্ষণ হচ্ছে বর্তমান সময়ের প্রায় ১৫০টি দেশের কাগুজে, পলিমার, হাইব্রিড নোট ও ধাতব মুদ্রা। বিশ্বের বিলুপ্ত দেশ যেমন চেকোস্লোভাকিয়া, যুগোস্লাভিয়া, ট্রান্সনেশিয়াসহ আরও কিছু দেশের কাগুজে নোট ও ধাতব মুদ্রা প্রদর্শনীতে রাখা হয়েছে।
দ্বিতীয় গ্যালারির এক কোনে রয়েছে ফটো কিয়স্ক। এখানে এসে আপনি এক লাখ টাকার প্রতীকী নোটে নিজের ছবি ছাপিয়ে নিতে পারেন। এতে খরচ পড়বে ৫০ টাকা।
এই জাদুঘর শনিবার থেকে বুধবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা। এ ছাড়া শুক্রবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকে।