টাঙ্গন নদের বেড়া ও বালুর বস্তার বাঁধ অপসারণ
ঠাকুরগাঁও শহরে টাঙ্গন নদে বালুর বস্তার বাঁধ ও বাঁশ দিয়ে দেওয়া বেড়া অপসারণ করা হয়েছে। জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত গত মঙ্গলবার সকালে সেগুলো অপসারণ করেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওয়াসিমুল বারির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সকালে জেলা প্রশাসকের বাসভবনের পেছনে টাঙ্গন নদ থেকে বালুর বস্তার বাঁধ সরিয়ে ফেলেন। এ সময় মাছ পাহারা দেওয়ার চালাঘরটিও ভেঙে ফেলা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত জলেশ্বরীতলা ও রামদাঁড়া এলাকায় মাছ চাষের জন্য তৈরি বাঁশের বেড়া ভেঙে ফেলেন। এ সময় জেলা মৎস্য অধিদপ্তরের পক্ষে উপস্থিত ছিলেন সদর উপজেলার ঊর্ধ্বতন মৎস্য কর্মকর্তা আতাউর রহমান খান।আতাউর রহমান খান বলেন, এলাকার লোকজন অবৈধভাবে নদে বালুর বস্তা ফেলে ও বাঁশের বেড়া দিয়ে মাছ চাষ করছে—গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হওয়ার পর এ অভিযান চালানো হলো।গত সোমবার প্রথম আলোর শেষ পাতায় ‘টাঙ্গন নদে মাছ চাষ’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়।