টাঙ্গন নদের ভাঙনে বিলীন হচ্ছে দুটি গ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের বিদ্ধই, খেকিডাঙ্গীপাড়া ও জগন্নাথপুর গ্রাম টাঙ্গন নদের ভাঙনে বিলীন হচ্ছে। ছবিটি গত রোববার খেকিডাঙ্গীর গোরস্থানের পাশ থেকে তোলা l প্রথম আলো
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের বিদ্ধই, খেকিডাঙ্গীপাড়া ও জগন্নাথপুর গ্রাম টাঙ্গন নদের ভাঙনে বিলীন হচ্ছে। ছবিটি গত রোববার খেকিডাঙ্গীর গোরস্থানের পাশ থেকে তোলা l প্রথম আলো

টাঙ্গন নদের ভাঙনে বিলীন হচ্ছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের বিদ্ধই ও খেকিডাঙ্গী গ্রাম।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ভাঙনরোধে পদক্ষেপ না নেওয়ায় বিদ্ধই গ্রামের পশ্চিমে গরগরি সেতুর কাছ থেকে বিদ্ধই ঈদগাহ, মূল বিদ্ধইপাড়া, বিদ্ধই গোরস্তান হয়ে পূর্ব দিকে খেকিডাঙ্গী গ্রামের মহশির ঘাট এলাকা নদে বিলীন হয়ে গেছে। গত ১৫-১৬ বছরে ওই দুই গ্রামের প্রায় এক হাজার ফুট জায়গা টাঙ্গন নদে বিলীন হয়। তা ছাড়া এবারের বর্ষায় আরও ৮-১০ ফুট জায়গায় নতুন করে ফাটল দেখা দিয়েছে।
বিদ্ধই গ্রামের আবদুর রাজ্জাক মাস্টার (৫৫) বলেন, ‘১৮-১৯ বছর আগে টাঙ্গন নদ আমাদের পাড়া থেকে হাজার-বারো শ ফুট উত্তর দিক দিয়ে প্রবাহিত হতো। প্রতি বর্ষায় এই দুই পাড়ার উত্তর প্রান্তের পূর্ব পশ্চিমে লম্বালম্বিভাবে ১৪-১৫ ফুট মাটি ভেঙে নদে চলে যাচ্ছে। ভাঙন ঠেকাতে ব্যবস্থা না নিলে আমাদের পাড়াটা দ্রুত টাঙ্গন নদে বিলীন হবে।’ একই গ্রামের কৃষক আনছারুল হক বলেন, ‘টাঙ্গন নদীটা কয়েক বছরে ভাঙতে ভাঙতে আমার বাড়ির ৩০-৩৫ হাত কাছে চলে এসেছে। কয়েক বছরে আমার আমবাগানের অর্ধেকটা ও দুটি বাঁশঝাড় ভেঙে নদীতে চলে গেছে। এ ছাড়া বিদ্ধই গ্রামের একমাত্র ঈদগাহ মাঠের অর্ধেকটা এবং ৩০-৩৫টি আম-কাঁঠালগাছ নদীতে ভেঙে পড়েছে।’
খেকিডাঙ্গী গ্রামের নুরুল ইসলাম বলেন, ‘টাঙ্গন নদের মহশি ঘাটের পাশে আমার এক বিঘা জমি নদীতে চলে গেছে। এ বছর নদীটা বাড়ির পাশে চলে এসেছে। এবারও ৮-৯ ফুট জায়গায় ফাটল দেখা যাচ্ছে। নদীর পারে বাঁধ তৈরি করা না হলে দু-তিন বছরের মধ্যে আমার বাড়িঘর নদীতে চলে যাবে। বাড়িঘর ভেঙে গেলে আমিসহ ১২-১৩টি পরিবারকে পথে বসতে হবে।’ একই গ্রামের দিনমজুর আবদুস সালাম ও ডিম ব্যবসায়ী আলিমুদ্দীন বলেন, তিন বছর আগে ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ হাফিজউদ্দীন আহমেদ এসে নদীভাঙনের অবস্থা দেখে গেছেন। ইউনিয়নের মেম্বার-চেয়ারম্যানরাও বহুদিন থেকে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয় না।
বিদ্ধই গ্রামের গোলাম মোস্তফা, খেকিডাঙ্গীপাড়ার তোবারক আলী ও জগন্নাথপুর গ্রামের আবদুল মালেক বলেন, খেকিডাঙ্গীর মহশি ঘাটটি খুবই গুরুত্বপূর্ণ। এসব গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামের শতাধিক মানুষ মহশির ঘাট দিয়ে নৌকায় করে নদের ওপারে বোচাগঞ্জের ছাতইল ইউনিয়নের শুকদেবপুরও আনোরা গ্রাম হয়ে বোচাগঞ্জসহ বিভিন্ন জায়গায় যাতায়াত করে। একইভাবে বোচাগঞ্জের ওই সব গ্রামের মানুষও নৌকায় নদ পার হয়ে পীরগঞ্জের বিভিন্ন এলাকায় যাতায়াত করে। কিন্তু প্রতিবছর বর্ষায় নদের ভাঙনের ফলে কয়েক বছরে মূল মহশি ঘাটের ৫০-৬০ গজ জায়গা বিলীন হয়ে ঘাটটি গ্রামের ভেতরে চলে এসেছে।
বৈরচুনা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী চৌধুরী বলেন, ‘খেকিডাঙ্গীয় ১০৩টি ও জগন্নাথপুরের বিদ্ধইয়ে ১২১টি বাড়ি রয়েছে। এ দুটি গ্রাম নদীতে চলে গেলে মাধবপুর-বিদ্ধই-রানীঘাটা পাকা রাস্তার বিদ্ধই এলাকা নদের ভাঙনের হুমকিতে পড়বে। টাঙ্গন নদে বাঁধ নির্মাণ জরুরি হয়ে পড়েছে।’
বৈরচুনার ইউপি চেয়ারম্যান মো. জালাল উদ্দীন বলেন, ‘নদী ভাঙন থেকে ওই দুটি গ্রাম রক্ষা করতে বাঁধ নির্মাণের জন্য অনেক টাকা দরকার। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তায় নদীভাঙন রোধের জন্য চেষ্টা করব।’