টাঙ্গনের ভাঙনে বিলীনের পথে প্রতিমা বিসর্জন ঘাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গন নদীর ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের ঐতিহ্যবাহী মসলন্দপুর প্রতিমা বিসর্জন ঘাট। ঘাট ও মেলাস্থলের ব্যাপক এলাকা ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে আসন্ন প্রতিমা বিসর্জন উৎসব অনুষ্ঠান নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন হিন্দু ধর্মাবলম্বীরা। এলাকাবাসীর সঙ্গে আলাপ করে জানা গেছে, টাঙ্গন নদীর অব্যাহত ভাঙনে কয়েক বছরে পীরগঞ্জ-বীরগঞ্জ সড়কের মশালডাঙ্গী টাঙ্গন সেতুর দক্ষিণ পাশে ৪০০ মিটার দীর্ঘ এলাকাজুড়ে ৫০-৬০ ফুট মাটি নদীগর্ভে চলে গেছে। গত তিন-চার বছরে ভেঙেছে সবচেয়ে বেশি। মসলন্দপুর পূজা কমিটির সদস্য গোপাল চন্দ্র রায় আক্ষেপ করে বলেন, ‘এখন লোক বেড়েছে, প্রতিমার সংখ্যাও বেড়েছে। কিন্তু নদীভাঙনের কারণে জায়গা কমে গেল। ভাঙন ঠেকাতে না পারলে আমাদের প্রতিমা বিসর্জন এবং মিলন উৎসব ও মেলা বন্ধ হয়ে যাবে।’ পীরগঞ্জ উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি প্রফুল্ল কুমার রায় জানান, স্বাধীনতার পর থেকেই মসলন্দপুর ঘাটে দুর্গা প্রতিমা বিসর্জন হয়ে আসছে। তবে ১৯৯৭ সাল থেকে বিজয়া দশমীর পরের দিনে (একাদশী তিথিতে) মসলন্দপুর বিসর্জন ঘাটে ধুমধামের সঙ্গে বিসর্জন উৎসব পালন করার প্রথা শুরু করে পীরগঞ্জ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ। হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অতুল চন্দ্র রায় জানান, একাদশী তিথিতে পীরগঞ্জ, বোচাগঞ্জ, রাণীশংকৈল, কাহারোল, বীরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আড়াই শতাধিক প্রতিমা নিয়ে পীরগঞ্জের মসলন্দপুর টাঙ্গন নদীর পারে হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষের সমাগম ঘটে। ঘাটটি ওই দিন মিলনমেলায় পরিণত হয়। ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পীরগঞ্জ উপবিভাগের কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, ‘তিন-চার শ মিটার এলাকায় সিসি ব্লক দ্বারা স্থায়ী প্রতিরক্ষাব্যবস্থা গ্রহণ করা হলে সম্পূর্ণ জায়গাটি রক্ষা করা সম্ভব হবে। এ প্রকল্প বাস্তবায়নে দেড় কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা দরকার।’ঠাকুরগাঁও পাউবো-১-এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুস শহীদ বলেন, ‘মসলন্দপুর প্রতিমা বিসর্জন ঘাট বাঁচাতে আপাতত সে ধরনের কোনো বরাদ্দ নেই। সংশ্লিষ্ট এলাকার সাংসদ চাইলে এ ব্যাপারে প্রকল্প গ্রহণ করতে পারেন। আমি সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দেব।’