টাঙ্গাইল অতিক্রম করল তেল-গ্যাস রক্ষা কমিটির লংমার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির লংমার্চ গতকাল সোমবার টাঙ্গাইল জেলা অতিক্রম করেছে। গতকাল দুপুরে টাঙ্গাইল শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত সমাবেশে জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, এ দেশে মূল্যবান খনিজ সম্পদের ওপর বিদেশি কোম্পানির লোলুপ দৃষ্টি পড়েছে। তাদের স্বার্থ রক্ষার জন্য এখন আমলা ও রাজনৈতিক নেতারা কাজ করছেন। তিনি বলেন, সংসদে খনিজ সম্পদ রপ্তানি বন্ধের আইন পাস করতে সরকারকে বাধ্য করা হবে।কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ বলেন, সাম্রাজ্যবাদের দালাল ও লুটপাটের বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করতে আমাদের এই লংমার্চ। এর মাধ্যমে আন্দোলন বেগবান করে বাংলাদেশকে রক্ষা করতে হবে।কমিটির টাঙ্গাইল শাখার আহ্বায়ক নাজির হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন আমিনুল ইসলাম, আরিফ খান ইউসুফজাই প্রমুখ। এ সময় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি মনজুরুল আহসান খান, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য বিমল বিশ্বাস, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ্বাস, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশারেফা মিশু, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিব, বাংলাদেশ কমিউনিস্ট লীগের সদস্য নজরুল ইসলাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে লংমার্চ মির্জাপুর উপজেলার পাকুল্যায় পৌঁছে পথসভা করে। বিকেলে সিরাজগঞ্জের উদ্দেশে টাঙ্গাইল ত্যাগ করে।