টাঙ্গাইল উপনির্বাচন আবার স্থগিত
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীকে আপিলের অনুমতি দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। একই সঙ্গে আদালত আবার উপনির্বাচন স্থগিত করেছেন।
কাদের সিদ্দিকীর লিভ টু আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। আদালতে কাদের সিদ্দিকীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন রাগীব রউফ চৌধুরী। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন মুহাম্মদ ইয়াসীন খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
আদেশের পর রাগীব রউফ চৌধুরী সাংবাদিকদের বলেন, আগামী ৩ মে কাদের সিদ্দিকীর আপিল শুনানির দিন ধার্য করেছেন আদালত। ওই দিন পর্যন্ত নির্বাচন স্থগিত থাকবে।
টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিলেও ঋণ খেলাপের অভিযোগে গত বছরের ১৩ অক্টোবর কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এর বিরুদ্ধে কাদের সিদ্দিকী নির্বাচন কমিশনে আপিল করলে তা ১৮ অক্টোবর খারিজ হয়। এরপর তিনি উচ্চ আদালতে যান। প্রথম দফায় হাইকোর্ট রুল দিয়ে স্থগিতাদেশ দিলে গত ২ নভেম্বরের উপনির্বাচন স্থগিত হয়ে যায়।
তবে গত ৪ ফেব্রুয়ারি রুল শুনানি শেষে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল রাখেন হাইকোর্ট। এর ফলে স্থগিতাদেশ উঠে যায়। তখন নির্বাচন কমিশনের আইনজীবী বলেছিলেন, রায়ের পর টাঙ্গাইল-৪ আসনে উপনির্বাচন অনুষ্ঠানে আর কোনো আইনগত বাধা থাকছে না। আর ওই উপনির্বাচনে প্রার্থী হতে পারছেন না কাদের সিদ্দিকী। এরপর আসনটিতে ২০ মার্চ উপনির্বাচন অনুষ্ঠানের কথা জানায় নির্বাচন কমিশন।
পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যান কাদের সিদ্দিকী। গতকাল তাঁর লিভ টু আপিল মঞ্জুর হওয়ায় দ্বিতীয় দফায় উপনির্বাচন আটকে গেল।