টাঙ্গাইল উপনির্বাচনে আ. লীগের ফরম বিতরণ শুরু ১ অক্টোবর
আওয়ামী লীগ টাঙ্গাইল-৪ (কালিহাতি) আসনের উপনির্বাচনে দলীয় ফরম বিতরণ করবে ১ ও ২ অক্টোবর। ফরম জমা নেওয়া নেবে ৩ অক্টোবর এবং ৬ অক্টোবর প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে।
আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। দলটির দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, টাঙ্গাইল-৪ আসনে উপনির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তার পরও নিয়ম অনুযায়ী সংসদীয় বোর্ডের সভায় দলীয় ফরম বিতরণ, জমা ও আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়ার জন্য তারিখ ঘোষণা করা হয়েছে। বরাবরের মতো এবারও ফরমের মূল্য ২৫ হাজার টাকা।
নির্বাচন কমিশনের পুনঃতফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থী হতে আগ্রহীরা ১১ অক্টোবর পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের সুযোগ পাবেন। ১৩ অক্টোবর হবে যাচাই-বাছাই; ২১ অক্টোবর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ১০ নভেম্বর টাঙ্গাইল-৪ আসনে উপনির্বাচনের ভোট হবে।
গত বছরের ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে পবিত্র হজ ও তাবলিগ জামাত নিয়ে বিরূপ মন্তব্য করার পর মন্ত্রিত্ব হারান লতিফ সিদ্দিকী। পরে আওয়ামী লীগের পক্ষ থেকে তাঁর সংসদ সদস্যপদ বাতিলের আবেদন করা হলে স্পিকার তা নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনে পাঠান। এ বিষয়ে নির্বাচন কমিশনের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে রিট আবেদন করেন আবদুল লতিফ সিদ্দিকী। হাইকোর্ট আবেদন খারিজ করে দিলে তিনি লিভ টু আপিল করেন। পরে এ বছরের ১ সেপ্টেম্বর স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
৬ সেপ্টেম্বর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করে।