টাঙ্গাইল ও ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৬
টাঙ্গাইল ও ঘাটাইলে গতকাল বৃহস্পতিবার পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীসহ ছয়জন নিহত হয়েছেন।টাঙ্গাইলের ঘটনায় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কালিহাতী উপজেলার বিন্যউড়ি, পাঠন্দ ও ভবানীপুরের সাতজন কাপড় ব্যবসায়ী গতকাল ফজরের আজানের পর এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে একটি পিকআপ ভ্যানে চড়ে করটিয়া হাটের উদ্দেশে রওনা হন। পিকআপটি বিক্রমহাটি নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এতে যাত্রীরা রাস্তায় পড়ে যান। সঙ্গে সঙ্গে একটি ট্রাক তাঁদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ব্যবসায়ী তিন সহোদরসহ পাঁচজন নিহত হন। হাইওয়ে পুলিশের এলেঙ্গা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শামছুল আলম জানান, নিহতরা হলেন কালিহাতী উপজেলার সহবতপুর ইউনিয়নের বিন্যউড়ি গ্রামের হাফিজ উদ্দিনের তিন ছেলে নাজিম উদ্দিন (৫৭), নজরুল ইসলাম (৫৫) ও আনোয়ার হোসেন (৫২), পাঠন্দ গ্রামের জহের উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (৪৮) ও ভবানীপুর গ্রামের আবুল কাশেমের ছেলে শহিদুল ইসলাম কালু (৩০)।দুর্ঘটনায় আহত ব্যবসায়ী নাজিম উদ্দিনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত মুক্তার আলীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। আহত নাজিম উদ্দিন জানান, হরতাল শুরু হওয়ার আগেই করটিয়া হাটে পৌঁছার জন্য তাঁদের পিকআপটি অস্বাভাবিক দ্রুতগতিতে চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।এদিকে গতকাল সকালে এক সড়ক দুর্ঘটনায় ঘাটাইলের ব্রাহ্মণশাসন মহিলা কলেজের প্রথম বর্ষের ছাত্রী আন্না খাতুন (১৯) মারা গেছেন। আন্না একই উপজেলার তেঘরি গ্রামের আবদুল মান্নানের মেয়ে।আবদুল মান্নান জানান, গতকাল সকালে আন্না ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে কলেজে আসছিলেন। এ সময় তাঁর ওড়নাটি অটোরিকশার চাকার সঙ্গে পেঁচিয়ে গেলে ওড়নার টানে আন্না রাস্তার ওপর পড়ে যান। গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফুন্নাহার জানান, আন্না বিজ্ঞান বিভাগের অত্যন্ত মেধাবী ছাত্রী ছিলেন। তিনি প্রথম বর্ষ থেকে সমাপনী পরীক্ষা দিচ্ছিলেন।