টাঙ্গাইল জেলা কারাগারে গত রোববার রাতে আবদুল খালেক নামের এক হাজতি আত্মহত্যা করেছেন। তবে পরিবারের অভিযোগ, পুলিশের নির্যাতনে তাঁর মৃত্যু হয়েছে। খালেকের বাড়ি টাঙ্গাইল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাকরাইল এলাকায়। তিনি পেশায় রাজমিস্ত্রি। খালেককে হত্যার অভিযোগ তুলে জেলা রাজমিস্ত্রি ও রডমিস্ত্রি শ্রমিক ইউনিয়ন আজ মঙ্গলবার জেলায় ধর্মঘট ডেকেছে। হত্যাকাণ্ডের প্রতিবাদে তারা আজ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেবে।কারাধ্যক্ষ আবু ফাতাহ জানান, সদর থানার একটি ডাকাতি মামলায় গ্রেপ্তার হওয়া খালেককে (৪৮) গত রোববার সন্ধ্যায় জেলা বিচারিক হাকিম আদালত থেকে কারাগারে পাঠানো হয়। কারাগারের ৩ নম্বর ওয়ার্ডে তাঁকে রাখা হয়। রাত একটার দিকে খালেক শৌচাগারে যান। আধা ঘণ্টা পরেও বের না হওয়ায় কর্তব্যরত এক কয়েদি উঁকি দিয়ে শৌচাগারের পানির পাইপের সঙ্গে গলায় গামছা বাঁধা তাঁর ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে কারাগারের কর্মকর্তারা গিয়ে লাশ উদ্ধার করেন। নির্যাতনের অভিযোগ অস্বীকার করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, শহরের কাগমারী পালপাড়া এলাকায় পুলিশের অবসরপ্রাপ্ত উপপরিদর্শক নিখিল চন্দ্র পালের বাড়িতে গত বৃহস্পতিবার রাতে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করা হয়। পুলিশ ঘটনায় জড়িত থাকার সন্দেহে সাকরাইল থেকে গত শনিবার খালেককে গ্রেপ্তার করে। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী লুট হওয়া কিছু স্বর্ণালংকার ও টাকা তাঁর বাড়ি থেকে উদ্ধার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ শহরের দিঘুলিয়া এলাকা থেকে বাচ্চু ও রাসেলকে গ্রেপ্তার করে। গত রোববার খালেককে টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে তিনি ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। পরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়। খালেকের পরিবারের দাবি, তিনি নিখিল চন্দ্র পালের বাড়িতে কাজ করতেন। ওই বাড়িতে ডাকাতি হওয়ার পর পুলিশ সন্দেহবশত তাঁকে গ্রেপ্তার করে নির্যাতন চালিয়েছে। খালেকের ভাতিজা জহিরুল ইসলাম বলেন, খালেকের বিরুদ্ধে একটি মামলা, এমনকি সাধারণ ডায়েরিও (জিডি) নেই। সন্দেহবশত তাঁকে আটক করা হয়েছিল। পুলিশ তাঁকে ব্যাপক নির্যাতন করে আদালতে স্বীকারোক্তি দিতে বাধ্য করেছিল। পুলিশের নির্যাতনের কারণেই তাঁর মৃত্যু হয়েছে।