টাঙ্গাইল জেলা বিএনপির কর্মিসভায় হাতাহাতি আর চরম বিশৃঙ্খলা
হাতাহাতি, ধাক্কাধাক্কি আর চরম বিশৃঙ্খলার মধ্যে গতকাল মঙ্গলবার টাঙ্গাইল জেলা বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এক পক্ষের নেতা-কর্মীরা অন্য পক্ষের সঙ্গে বিশৃঙ্খলায় জড়িয়ে পড়েন। ঢাকায় বিএনপির বিভাগীয় মহাসমাবেশ সামনে রেখে কেন্দ্রের নির্দেশে এই কর্মিসভা অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত কয়েকজন নেতা জানান, জেলা বিএনপির সভাপতি আহমেদ আযম খানের সভাপতিত্বে সকাল সাড়ে ১১টায় স্থানীয় ভাসানী হলে কর্মিসভা শুরু হয়। এতে জেলার ১২টি উপজেলা থেকে নেতা-কর্মীরা যোগ দেন। দুপুর সাড়ে ১২টার দিকে জেলা সভাপতি আহমেদ আযম খান গ্রুপের অনুসারী হিসেবে পরিচিত জেলা যুবদলের আহ্বায়ক আলী ইমাম বক্তৃতা দিতে মঞ্চে ওঠেন। বক্তৃতার একপর্যায়ে তিনি বলেন, এক-এগারোর সময় সুবিধাভোগীদের যেন জেলা কমিটিতে স্থান না দেওয়া হয়। সে সময় যাঁরা অত্যাচার-নির্যাতন সহ্য করেছেন, তাঁদের মূল্যায়ন করার জন্য নেতাদের প্রতি দাবি জানান তিনি। তাঁর এই বক্তব্যের পর মঞ্চের আশপাশে সাধারণ সম্পাদক শামছুল আলমের (২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর ভাই) অনুসারীরা হইচই শুরু করেন এবং আলী ইমামকে বক্তৃতা থেকে বিরত রাখতে নেতাদের প্রতি দাবি জানাতে থাকেন। একপর্যায়ে আহমেদ আযম গ্রুপের অনুসারীরাও মঞ্চে গিয়ে হইচই শুরু করে। মঞ্চে উভয় গ্রুপের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। দলের সভাপতি আহমেদ আযম খানকে লাঞ্ছিত করতে কয়েকজন নেতা-কর্মী তাঁর দিকে তেড়ে আসেন। চরম হট্টগোলের এক পর্যায়ে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়ে আসে। সভায় দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সারোয়ারী রহমান, খালেদা জিয়ার উপদেষ্টা অধ্যাপক আবদুল মান্নান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ, সাবেক প্রতিমন্ত্রী লুত্ফর রহমান খান, কেন্দ্রীয় বিএনপির সমবায়বিষয়ক সম্পাদক আবদুল হাই, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন প্রমুখ বক্তৃতা করেন।