টাঙ্গাইল জেলা শ্রমিক দলের নেতা খুন
টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক গোলাম আজমকে (৪৫) গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে শহরের সাবালিয়া এলাকায় রেলস্টেশন রোডে এ ঘটনা ঘটে।
গোলাম আজম বিল ঘারিন্দা গ্রামের মৃত আফজ উদ্দিন মাস্টারের ছেলে। তাঁর স্ত্রী ও দুই মেয়ে, এক ছেলে রয়েছে।
গোলাম আজমের ভাই আবদুল্লাহ আল মামুন জানান, গোলাম আজম বিকেল সাড়ে তিনটার দিকে রেলস্টেশন রোডে তাঁর ফার্নিচারের দোকানে বসে ছিলেন। এ সময় তিনটি মোটরসাইকেলে করে পাঁচ-ছয়জন যুবক এসে দোকানে ঢুকে তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে। দুর্বৃত্তদের গুলিতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তারা টাঙ্গাইল শহর বাইপাস রোড ধরে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।
আশপাশের লোকজন এসে আজমকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁর স্বজনেরা ঢাকার উদ্দেশে তাঁকে নিয়ে এম্বুলেন্সযোগে রওনা হন। মির্জাপুর যাওয়ার পর পথেই তাঁর মৃত্যু হয়। সন্ধ্যায় তাঁর লাশ টাঙ্গাইলে আনা হয়। বর্তমানে তাঁর লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহত ব্যক্তির অপর ভাই আশরাফুল হক জানান, গোলাম আজমের শরীরে চারটি গুলি ও বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মৃত্যুর আগে তিনি হত্যাকারীদের নাম-পরিচয় স্বজনদের কাছে জানিয়েছেন।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো মামলা হয়নি। গোলাম আজম সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন সুরুজ রুট কমিটির সভাপতি ছিলেন। ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় সিএনজিচালিত অটোরিকশার শ্রমিকেরা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন।