পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মাহফুজুল হক নুরুজ্জামান বলেছেন টাঙ্গাইলে দরজি খুন এবং ঢাকার দুই খুনের ঘটনার সঙ্গে যুদ্ধাপরাধের বিচারের যোগসূত্র আছে। যুদ্ধাপরাধের রায় কার্যকর হওয়ার আগে-পরে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
গতকাল সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ডিআইজি ঢাকা রেঞ্জের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এস এম মাহফুজুল হক। ঢাকা রেঞ্জের ১৩টি জেলার পুলিশ সুপারদের নিয়ে আয়োজিত ‘ক্রাইম কনফারেন্স’ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে এস এম মাহফুজুল হক নুরুজ্জামান বলেন, এই জেলাগুলোয় চুরি, ডাকাতি, রাহাজানির সংখ্যা কমেছে এবং মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারের সংখ্যা বেড়েছে। তবু মানুষ এখন একটি ‘ক্রান্তিকাল’ পার করছে। মানুষের মধ্যে নিরাপত্তাহীনতার বোধ তৈরি হয়েছে। অপরাধ করলে পার পাওয়া যাবে না—অপরাধীদের এই বার্তা দিতেই পুলিশ সংবাদ সম্মেলন করছে।
ঢাকা রেঞ্জের ডিআইজি বলেন, ‘যে কটা খুনের ঘটনা ঘটেছে তার প্রতিটিই পাশাপাশি সময়ে ঘটেছে।’