টাঙ্গাইল থেকে জেএমবি সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক চেয়ারম্যান খিজির খান হত্যার ঘটনায় জড়িত সন্দেহে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সন্দেহভাজন সদস্য টাঙ্গাইলে গ্রেপ্তার হয়েছেন। জেলার দেলদুয়ার উপজেলা থেকে গত মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. তরিকুল ইসলাম (২৫)। তিনি দেলদুয়ার উপজেলা সদরের মৌলভিপাড়া এলাকার আব্দুল্লাহেল বাকী ওরফে পিয়ারা মৌলভির ছেলে।
দেলদুয়ার থানার পরিদর্শক (তদন্ত) এস এম তুহিন আলী বলেন, ঢাকা থেকে ডিবির একটি দল গত মঙ্গলবার বিকেলে দেলদুয়ার উপজেলায় আসে। তারা ডিবির টাঙ্গাইল শাখার সদস্যদের সহায়তায় সন্ধ্যায় মৌলভিপাড়া মসজিদের সামনে থেকে তরিকুলকে গ্রেপ্তার করে। এরপর তাঁকে সঙ্গে নিয়ে তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়। পরে ডিবির দলটি তরিকুলকে ঢাকায় নিয়ে যায়।
খিজির খানকে ৫ অক্টোবর সন্ধ্যায় ঢাকার মধ্য বাড্ডায় নিজ বাসায় গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। মধ্য বাড্ডার বাড়িটির তৃতীয় তলায় পরিবার নিয়ে থাকতেন খিজির খান। এর দোতলায় রয়েছে ‘রহমতিয়া খানকাহ শরিফ (ঢাকা শাখা)’। খিজির খান এই খানকাহ শরিফের পীর ছিলেন।
‘কিশোর বয়সেই জেএমবিতে’: গ্রামবাসী ও পুলিশের ভাষ্য, গ্রেপ্তার হওয়া তরিকুল কিশোর বয়সেই যুক্ত হয়ে পড়েন জেএমবির সঙ্গে। কিন্তু এলাকার মানুষ আগে জানত না সে কথা। ২০০৫ সালে সারা দেশে সিরিজ বোমা হামলার ঘটনার পর তদন্তের জেরে সবাই জেনে যায় তাঁর জঙ্গিজীবনের কথা।
গ্রামবাসী ও তরিকুলের পরিবার সূত্রে জানা যায়, তরিকুলের বাবা আব্দুল্লাহেল বাকী মৌলভিপাড়া জামে মসজিদের সাবেক ইমাম। ২০০৩ সালের দিকে দেলদুয়ারে জেএমবির কার্যক্রম শুরু হয়। সে সময় ষষ্ঠ শ্রেণির ছাত্র তরিকুল ও তাঁর পরিবারের কেউ কেউ যুক্ত হন জেএমবির সঙ্গে। ২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশে সিরিজ বোমা হামলার ঘটনার পর টাঙ্গাইলে গ্রেপ্তার হওয়া এক জঙ্গি এতে তরিকুলের জড়িত থাকার কথা পুলিশকে বলেন। তারপর তরিকুল আত্মগোপন করেন। প্রায় ছয় মাস পর চট্টগ্রামে গ্রেপ্তার হন তিনি। প্রায় ছয় বছর কারাভোগের পর জামিন পান।