টাঙ্গাইল পলিটেকনিকে পরিবহন শ্রমিকদের হামলা, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটে গতকাল বৃহস্পতিবার সকালে পরিবহনশ্রমিকেরা হামলা চালিয়ে ভাঙচুর করেছেন। এ সময় তাঁরা পলিটেকনিকের অধ্যক্ষসহ পাঁচজন শিক্ষককে লাঞ্ছিত করেন। পলিটেকনিকের ছাত্ররা একজন পরিবহনশ্রমিককে কুপিয়ে আহত করেছেন অভিযোগ তুলে পরিবহনশ্রমিকেরা এ হামলা চালান। এ ঘটনায় সোমবার পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানটি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।পরিবহনশ্রমিক, পলিটেকনিকের শিক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা গেছে, পলিটেকনিকের চতুর্থ শ্রেণীর কর্মচারী বিমল চন্দ্র গত মঙ্গলবার সন্ধ্যায় ট্রাকচাপায় নিহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা ওই দিন ইনস্টিটিউটের সামনে ২০-২৫টি গাড়ি ভাঙচুর করেন। এ নিয়ে গতকাল সকাল ১০টার দিকে পলিটেকনিকের কয়েকজন ছাত্রের সঙ্গে পরিবহনশ্রমিকদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছাত্ররা লিটন নামের এক বাসশ্রমিককে কুপিয়ে আহত করেন। খবর পেয়ে শ্রমিকেরা টাঙ্গাইল থেকে ঢাকাসহ বিভিন্ন পথে বাস ও মিনিবাস চলাচল বন্ধ করে দিয়ে নতুন বাস টার্মিনালে একত্র হন। পরে তাঁরা পলিটেকনিক ইনস্টিটিউটে হামলা চালিয়ে কয়েকটি ভবনের দরজা ও জানালার কাচ ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।অধ্যক্ষ মোজাহার হোসেন বলেন, ‘কোনো কারণ ছাড়াই শ্রমিকেরা অতর্কিতে পলিটেকনিকে হামলা চালায়। তারা আমাকেসহ পাঁচজন শিক্ষককে লাঞ্ছিত করে। এ ঘটনায় পলিটেকনিক ইনস্টিটিউট সোমবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।’ টাঙ্গাইল বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি চিত্তরঞ্জন সরকার বলেন, ‘আমাদের এক শ্রমিককে পলিটেকনিকের ছাত্ররা কুপিয়ে আহত করেছে। এ ছাড়া তাদের হামলায় কয়েকজন শ্রমিক আহত হয়। এ ঘটনায় শ্রমিকেরা উত্তেজিত হয়ে রাস্তা অবরোধ করে। প্রশাসন দোষী ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা বিকেল চারটা থেকে যানবাহন চালানো শুরু করে।’টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।