টাঙ্গাইল প্রতিনিধির ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১
প্রথম আলোর টাঙ্গাইল প্রতিনিধি কামনাশীষ শেখরের ওপর হামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নবীনূর (২৫) নামের একজনকে গত বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি টাঙ্গাইল সদরের পূর্ব আদালতপাড়ায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা টাঙ্গাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) চন্দ কুমার চক্রবর্তী জানান, গত বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে নবীনূরকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কামনাশীষ শেখরের ভাতিজা সুদীপ্ত সাহা ব্যক্তিগত গাড়িতে করে গত ৪ অক্টোবর টাঙ্গাইল থেকে বাজিতপুরে যাচ্ছিলেন। পথে সাহাপাড়া এলাকায় একটি ট্রাক তাঁদের গাড়িটিকে ধাক্কা দেয়। এতে গাড়ির ডান পাশের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ নিয়ে ট্রাকচালকের সঙ্গে সুদীপ্ত ও তাঁদের গাড়িচালক মেরাজুলের কথা-কাটাকাটি হয়। কামনাশীষ শেখর ঘটনাস্থলে পৌঁছালে ওই এলাকার সন্ত্রাসী রেজা, প্রিন্স ও আনোয়ারের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাঁর ওপর হামলা চালায়। এতে কামানশীষ শেখর গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় কামনাশীষ শেখর বাদী হয়ে গত ৬ অক্টোবর টাঙ্গাইল মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা করেন।