টাঙ্গাইল প্রতিনিধির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

টাঙ্গাইলে ‘প্রথম আলো’র প্রতিনিধি কামনাশীষ শেখরের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ শনিবার সকালে মানববন্ধন করা হয়েছে। টাঙ্গাইল প্রেসক্লাবের আয়োজনে বেলা সোয়া ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত এ মানববন্ধন চলে।
মানববন্ধনে বক্তব্য দেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি খান মোহাম্মদ খালেদ, সাধারণ সম্পাদক শামসাদুল আকতার শামীম, সাবেক সাধারণ সম্পাদক জাফর আহমেদ, টাঙ্গাইল পৌরসভার মেয়র সহিদুর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করেন। আগামীকাল রোববার বিক্ষোভ প্রদর্শন এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ার করা হয়।
গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কামনাশীষের ভাতিজা সুদীপ্ত ব্যক্তিগত একটি গাড়িতে করে টাঙ্গাইল থেকে বাজিতপুর যাচ্ছিলেন। পথে সাহাপাড়া এলাকায় বিপরীতমুখী একটি ট্রাক তাঁদের গাড়িকে ধাক্কা দেয়। এতে গাড়ির ডান পাশের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ নিয়ে ট্রাকচালকের সঙ্গে সুদীপ্ত ও তাঁদের গাড়িচালক মেরাজুলের কথা-কাটাকাটি হয়। খবর পেয়ে কামনাশীষ শেখর ঘটনাস্থলে পৌঁছালে ওই এলাকার সন্ত্রাসী রেজা, প্রিন্স ও আনোয়ারের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাঁদের ওপর হামলা চালায়। হামলাকারীরা কামনাশীষের মাথা, কাঁধ, চোয়ালসহ শরীরের বিভিন্ন স্থানে ইট দিয়ে আঘাত করে এবং তাঁর মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে চিকিত্সাধীন।