প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে টাঙ্গাইল মেডিকেল কলেজের নামকরণের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ ঘোষণা দেন।
স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণার আগে প্রধানমন্ত্রীর নামে মেডিকেল কলেজের নামকরণের দাবি করেন টাঙ্গাইল-৫ আসনের সাংসদ সানোয়ার হোসেন।
সানোয়ার হোসেন বলেন, আজ টাঙ্গাইল জেলার মানুষের আনন্দের দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে (১০ জানুয়ারি) ১১টি সরকারি মেডিকেল কলেজের উদ্বোধনের ঘোষণা দিয়েছিলেন।
পরে মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী টাঙ্গাইল সফরে গিয়ে সেখানে একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন। তিনি সেই প্রতিশ্রুতি পূরণ করছেন। সংসদ সদস্যের প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, টাঙ্গাইল মেডিকেল কলেজ শেখ হাসিনার নামেই হবে।