উত্ত্যক্ততা বন্ধ ও উত্ত্যক্তকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে গতকাল সোমবার মানববন্ধন ও সমাবেশ হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:টাঙ্গাইল: সকালে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উত্ত্যক্ততা ও মাদকবিরোধী ব্যানার-ফেস্টুন নিয়ে শহীদ মিনার চত্বরে সমবেত হয়। তারা শোভাযাত্রা নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার শহীদ মিনারে এসে সমাবেশে মিলিত হয়। জেলা কমিউনিটি পুলিশ এ শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করে। কমিউনিটি পুলিশের সভাপতি শওকত আলী তালুকদারের সভাপতিত্বে সমাবেশে টাঙ্গাইলের জেলা প্রশাসক এম বজলুল করিম চৌধুরী, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সাবেক সাংসদ ফজলুর রহমান খান প্রমুখ বক্তব্য দেন। ময়মনসিংহ: বাংলাদেশ মহিলা পরিষদ ময়মনসিংহ জেলা শাখা গতকাল বিকেলে জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। মানববন্ধন শেষে সমাবেশও হয়। মহিলা পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ফেরদৌস আরা মাহমুদার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক হোসনে আরা বেগম, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আবদুল আজিজ তালুকদার প্রমুখ।কিশোরগঞ্জ: উত্ত্যক্ততা বন্ধের দাবিতে ছাত্রীরা শহরের ঈশা খাঁ সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে। মহিলা পরিষদ জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে কয়েক শ শিক্ষার্থীসহ সুশীল সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিরা অংশ নেন। এ সময় বক্তব্য দেন মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি সুলতানা রাজিয়া, শিক্ষক দিলারা মাহবুব প্রমুখ। ফুলপুর (ময়মনসিংহ): উপজেলার তারাকান্দায় শোভাযাত্রা ও সমাবেশে পাঁচ হাজারের বেশি মানুষ যোগ দেয়।