টাঙ্গাইল শহরে আবর্জনার দুগন্ধযুক্ত অভ্যর্থনা!
দেশের বিভিন্ন শহরে ঢুকতে তোরণ বা স্বাগতম লেখা সাইনবোর্ড চোখে পড়ে। কিন্তু টাঙ্গাইল পৌর এলাকায় প্রবেশের সময় তোরণ বা স্বাগতমসংবলিত সাইনবোর্ড নয়, শহরের প্রবেশদ্বার আশেকপুর বাইপাস মোড়ে চোখে পড়ে ময়লা-আবর্জনার স্তূপ। আর এই আবর্জনার দুর্গন্ধ নাকে বহন করে ঢুকতে হয় টাঙ্গাইল পৌর এলাকায়। এ যেন আবর্জনার দুর্গন্ধযুক্ত অভ্যর্থনা। কথাগুলো বলছিলেন টাঙ্গাইল সাংস্কৃতিক মঞ্চের সভাপতি গণসংগীতশিল্পী এলেন মল্লিক। শুধু এলেন মল্লিক নয়, তাঁর মতো পৌরবাসী সবারই এক কথা, আবর্জনা ফেলার নির্দিষ্ট জায়গা তৈরি না করে যেখানে-সেখানে আবর্জনা ফেলায় নষ্ট হচ্ছে পরিবেশ। আর শহরের প্রবেশদ্বারে আবর্জনার স্তূপ দেখে পৌরবাসীর রুচি নিয়েও অনেকে প্রশ্ন তোলেন। ১৮৮৭ সালে প্রতিষ্ঠিত প্রায় সোয়া শ বছরের পুরোনো টাঙ্গাইল পৌরসভা। দেশের প্রথম শ্রেণীর এই পৌরসভা কর্তৃপক্ষ আবর্জনা ফেলার নির্দিষ্ট একটি জায়গা তৈরি করতে পারেনি। পৌরসভা সূত্র জানায়, প্রায় দেড় লাখ পৌরবাসীর জন্য রয়েছে ২০টি ডাস্টবিন। যার ছয়টি ভাঙা। পুরো শহর থেকে প্রতিদিন গড়ে ২৫ টন আবর্জনা সংগ্রহ করা হয়। এর বৃহৎ অংশই হচ্ছে গৃহস্থালির আবর্জনা। এ ছাড়া হোটেল-রেস্তোরাঁ, হাসপাতাল-ক্লিনিক, হাট-বাজারের আবর্জনা তো আছেই। চারটি গার্বেজ ট্রাক ১৮টি রিকশা ভ্যান দিয়ে এই আবর্জনা সংগ্রহ করা হয়। কিন্তু এগুলো ফেলার নির্ধারিত কোনো জায়গা নেই। কখনো কেউ তার নিজস্ব গর্ত বা নিচু জমি ভরাট করার জন্য পৌর কর্তৃপক্ষকে অনুরোধ জানালে সেখানে নিয়ে ফেলা হয়। আবার কখনো পৌরসভার কোনো রাস্তার পাশে বা খোলা জায়গায় আবর্জনা ফেলে রাখা হয় স্তূপ করে। কোনো এলাকার লোক আপত্তি জানালে পরবর্তী সময়ে সেখানে ফেলা বন্ধ করে অন্য এলাকায় ফেলানোর ব্যবস্থা করা হয়। বর্তমানে টাঙ্গাইল পৌর কর্তৃপক্ষ দক্ষিণ দিক দিয়ে শহরের প্রবেশদ্বার আশেকপুর বাইপাস মোড়, উত্তর দিক দিয়ে প্রবেশদ্বার রাবনা বাইপাস মোড় এবং কাগমারী সেতু এলাকায় আবর্জনা ফেলছে। এসব আবর্জনা ফেলার পর এর পচা গন্ধে এলাকাবাসী তো বটেই, ওই সব রাস্তায় চলাচলকারী লোকজনকেও চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। টাঙ্গাইল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মির্জা আরিফ বলেন, আবর্জনা ফেলার সুনির্দিষ্ট কোনো জায়গা না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। তিনি জানান, এর আগে দুবার শহরতলির গালা ও পুঠিয়াজানিতে নবম শহর উন্নয়ন প্রকল্পের আওতায় আবর্জনা ফেলার সুনির্দিষ্ট জায়গা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু করার পর নানা জটিলতায় দুবারই পৌর কর্তৃপক্ষ তা বাস্তবায়নে ব্যর্থ হয়। পরে এর জন্য বরাদ্দকৃত টাকা মন্ত্রণালয়ে ফেরত গেছে। পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম খান বলেন, ‘একটি বেসরকারি উন্নয়ন সংস্থা আবর্জনা সংগ্রহ করে তা দিয়ে জৈব সার তৈরির একটি প্রস্তাব পৌরসভাকে দিয়েছে। আমরা এখন সেটি যাচাই করে দেখছি।’ বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) টাঙ্গাইল শাখার আহ্বায়ক শিক্ষাবিদ সেকান্দার হায়াত বলেন, যেখানে-সেখানে আবর্জনা ফেলায় শহরের পরিবেশ নষ্ট হচ্ছে। শহরের জনস্বাস্থ্য ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে অবিলম্বে সুবিধাজনক জায়গায় একটি আবর্জনা ফেলার সুনির্দিষ্ট জায়গা নির্মাণ করা প্রয়োজন। টাঙ্গাইল পৌরসভার মেয়র শহিদুর রহমান খান বলেন, ‘আমরা চেষ্টা করছি আবার তহবিল এনে আবর্জনা ফেলার স্থান তৈরির। এ ছাড়া আধুনিক পদ্ধতিতে বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে কীভাবে এই আবর্জনা বিকল্প কাজে লাগানো যায়, সেদিকটিও খতিয়ে দেখা হচ্ছে।’