টাঙ্গাইল শহরের দুটি এলাকায় চার দিন ধরে বিদ্যুৎ নেই
টাঙ্গাইল শহরের আকুরটাকুর তালতলা এলাকার আইনজীবী আতাউর রহমান আজাদের বাসায় তিন দিন বিদ্যুৎ ছিল না। বিদ্যুৎ না থাকায় পানি সরবরাহও ছিল বন্ধ। সব মিলে দুর্বিষহ পরিবেশে বসবাস করতে হয়েছে তাঁর পরিবারকে। অবশেষে গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যুৎ পেয়েছেন তিনি।শুধু আতাউর রহমান নন, শহরের চারটি এলাকার প্রায় দুই হাজার বিদ্যুৎ গ্রাহকের একই অবস্থা। গত সোমবার সন্ধ্যায় ঝড়ে শহরের নিউমার্কেট রোড ও রাবনা বাইপাস মোড়ে ২৫০ কেভিএর দুটি ট্রান্সফরমার এবং আকুরটাকুর তালতলা ও বাসাখানপুরে ২০০ কেভিএর দুটি ট্রান্সফরমার জ্বলে যায়। ওই ট্রান্সফরমারগুলোর আওতাধীন প্রায় দুই হাজার আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বুধবার বিকেলে নিউমার্কেট রোডের ট্রান্সফরমার এবং গতকাল সকালে আকুরটাকুর তালতলার ট্রান্সফরমারটি মেরামত করে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে। কিন্তু গতকাল বিকেল পর্যন্ত বিদ্যুৎ পাননি রাবনা বাইপাস ও বাসাখানপুর এলাকার গ্রাহকেরা।টাঙ্গাইল বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্র জানায়, টাঙ্গাইলে পিডিবি ১০টি ১১ হাজার ভোল্টের ফিডারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করে থাকে। এই ফিডারগুলোর আওতায় রয়েছে ৩০০ ট্রান্সফরমার। এর মধ্যে ৮০টি ট্রান্সফরমারে রয়েছে অতিরিক্ত চাপ (ওভার লোডেড)। এই ট্রান্সফরমারগুলো প্রায়ই বিকল হয়ে যায়। বিদ্যুৎ বিভাগে অতিরিক্ত ট্রান্সফরমার মজুদ নেই। এ কারণে বিকল হওয়া ট্রান্সফরমার টঙ্গী বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় মেরামত কারখানা থেকে মেরামত করে এনে পুনরায় সংযোগ দিতে হয়। বিকল ট্রান্সফরমারগুলো খুলে টঙ্গীতে নিয়ে মেরামত করে আনতে পাঁচ-সাত দিন সময় লেগে যায়। এই সময়ে ওই ট্রান্সফরমারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে।ভুক্তভোগীরা জানান, প্রায় প্রতিদিনই টাঙ্গাইল শহরের কোনো না কোনো এলাকায় ট্রান্সফরমার বিকল থাকে। অনেক ক্ষেত্রে গ্রাহকদের চাঁদা তুলে ট্রান্সফরমার মেরামতের টাকা বিদ্যুৎ বিভাগের কর্মীদের হাতে দিতে হয়।বিদ্যুৎ বিভাগের একটি সূত্র জানায়, ১০টি ফিডারের ৩০০ ট্রান্সফরমারের মাধ্যমে যেখানে বিদ্যুৎ সরবরাহ করা হয়, সেখানে অন্তত ১০টি ট্রান্সফরমার বিদ্যুৎ বিভাগে মজুদ রাখা প্রয়োজন, যাতে কোথাও ট্রান্সফরমার বিকল হলে সঙ্গে সঙ্গে তা বদল করে বিদ্যুৎ সরবরাহ সচল রাখা যায়। কিন্তু বিদ্যুৎ বিভাগ কর্তৃপক্ষ বিভিন্ন এলাকায় বার্ষিক পরিকল্পনার বাইরেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই লাইন সম্প্রসারণ করেছে। গত কয়েক মাসে জেলার অন্তত আটটি এলাকায় অবৈধভাবে বিদ্যুৎ-সংযোগ সম্প্রসারণ করা হয়েছে বলে বিদ্যুৎ বিভাগের একটি সূত্র জানিয়েছে। অভিযোগ রয়েছে, টাঙ্গাইল বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ) আবু জাফর ওই এলাকার লোকজনের কাছ থেকে অবৈধ সুবিধা নিয়ে এই লাইন সম্প্রসারণ করেছেন। এ কারণে বিদ্যুৎ বিভাগে ট্রান্সফরমার মজুদ নেই।টাঙ্গাইল নাগরিক ফোরামের সদস্যসচিব মীর মেহেদী বলেন, যেখানে পুরোনো সংযোগগুলোতেই বিদ্যুৎ বিভাগ নিয়মিত বিদ্যুৎ সরবরাহ করতে পারছে না, অতিরিক্ত চাপের কারণে ট্রান্সফরমার বিকল হয়ে যায়, সেখানে নতুন এলাকায় অবৈধভাবে বিদ্যুৎ-সংযোগ সম্প্রসারণ করা হচ্ছে কীভাবে? তিনি তদন্ত করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।এ অভিযোগ অস্বীকার করে আবু জাফর বলেন, বার্ষিক পরিকল্পনার বাইরে কোনো লাইন সম্প্রসারণ করা হয়নি। যা হয়েছে, তা পরিকল্পনার মধ্যে ছিল। ট্রান্সফরমারের সমস্যা সমাধানের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।